বিশ্বজুড়ে কেন জনপ্রিয় হচ্ছে এই উদ্যোগ
বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে ‘রিজালুল ফজর’ ক্যাম্পেইন। আলজাজিরা
ads

শিশু ও কিশোরদের মসজিদমুখী করতে আলজেরিয়া থেকে শুরু হয়েছে ‘রিজালুল ফজর’ নামে একটি বিশেষ ক্যাম্পেইন। এরই মধ্যে এই উদ্যোগ বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।

মূলত, ভোরে ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে জামাতে ফজরের নামাজ আদায়ের প্রতি শিশু ও কিশোরদের উদ্বুদ্ধ করতেই ক্যাম্পেইনটি চালু করা হয়।

‘রিজালুল ফজর’ আরবি যৌথ শব্দ। রিজাল অর্থ পুরুষ-ব্যাক্তি, আর ফজর অর্থ ভোর। 
সুতরাং যৌথ শব্দটির অর্থ দাঁড়ায় এমন—‘ভোরের পুরুষ’ কিংবা ভাবার্থে ‘ভোরের সৈনিক’। কখনো কখনো শুধু ফজর শব্দটি ‘সালাতুল ফজর’ হিসেবে, মানে ফজরের নামাজ অর্থেও ব্যবহৃত হয়।

আরো পড়ুন : ভারত সম্পর্কে আরো বিস্ফোরক মন্তব্য পাকিস্তান সফররত স্পিকারের

শৈশব থেকেই শিশুদের মধ্যে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার এই ব্যতিক্রমী প্রচেষ্টা মধ্যপ্রাচ্য ছাড়িয়ে এখন পশ্চিমা বিশ্বের মুসলিম কমিউনিটিতেও ছড়িয়ে পড়েছে।

শুরুর প্রেক্ষাপট ও কার্যক্রম
উদ্যোগটির সূচনা হয় আলজেরিয়ার সেতিফ প্রদেশের আইন এল কেবিরা এলাকায়। ওমর ইসাউই নামের একজন কোরআন শিক্ষক মাত্র পাঁচজন শিশুকে নিয়ে প্রথম এই কার্যক্রম শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তার এই প্রচেষ্টা আলজেরিয়ার বিভিন্ন মসজিদ ও কোরআন শিক্ষাকেন্দ্রে জনপ্রিয় হয়ে ওঠে।

এই কর্মসূচির আওতায় মূলত ৭ থেকে ১৩ বছর বয়সী শিশুদের ফজরের আজানের সাথে সাথে মসজিদে আসতে উৎসাহিত করা হয়। নামাজ শেষে অনেক মসজিদে শিশুদের জন্য সকালের নাশতার ব্যবস্থা করা হয় এবং নিয়মিত উপস্থিতির জন্য দেয়া হয় বিশেষ পুরস্কার ও স্বীকৃতি।

আলজেরিয়া ছাড়িয়ে বৈশ্বিক বিস্তার
চলতি বছরের (২০২৬) নভেম্বরে আলজেরিয়ার সীমানা পেরিয়ে এই আন্দোলনটি বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটিতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এর মধ্যে রয়েছে—

মরক্কো : দেশটিতে এই উদ্যোগটি ‘ফুরসান আল-ফজর’ (ভোরের অশ্বারোহী) নামে পরিচিতি পেয়েছে।

মধ্যপ্রাচ্য : মিসর, জর্ডান, কাতার ও কুয়েতের বিভিন্ন মসজিদে শিশুদের ফজরের জামাতে আনতে এই মডেল অনুসরণ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্রের টেক্সাসসহ বিভিন্ন অঙ্গরাজ্যের মুসলিম কমিউনিটিতেও ‘রিজালুল ফজর’ কর্মসূচি বেশ সাড়া ফেলেছে।

উদ্দেশ্য ও প্রতিক্রিয়া
সংশ্লিষ্টদের মতে, শৈশব থেকেই শিশুদের মাঝে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, নৈতিক মূল্যবোধ এবং মসজিদের সাথে আত্মিক সম্পর্ক তৈরি করাই এই আন্দোলনের প্রধান লক্ষ্য। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারসসহ (আইইউএমএস) অসংখ্য অভিভাবক ও শিক্ষক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।