‘মুরাদনগর সমিতি-ঢাকা’-এর প্রথম বার্ষিক সাধারণ সভা ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (ইনসেটে)
‘মুরাদনগর সমিতি-ঢাকা’-এর প্রথম বার্ষিক সাধারণ সভা ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (ইনসেটে)। নয়া দিগন্ত
ads

এলাকার উন্নয়ন ও মানবিক কল্যাণে সবাইকে দল, শ্রেণি ও পেশার ঊর্ধ্বে উঠে কাজ করার তাগিদ দিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ) বলেছেন, দল-মত নির্বিশেষে মুরাদনগরের সার্বিক উন্নয়নের জন্য আমাদের একসাথে কাজ করতে হবে এবং বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, মুরাদনগরের মানুষের সাথে তার সম্পর্ক কোনো সাময়িক পদবী বা পদের নয়; এটি মাটির ও মানুষের আত্মিক সম্পর্ক। 

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ‘মুরাদনগর সমিতি-ঢাকা’-এর প্রথম বার্ষিক সাধারণ সভা-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে (অডিও বার্তা) তিনি এসব কথা বলেন। শারীরিক অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত হতে না পারলেও অডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ধর্মমন্ত্রী।

মন্ত্রী তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী আস্থা ও বিশ্বাস রেখে তার ওপর ধর্ম মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ গুরুদায়িত্ব অর্পণ করেছেন। এছাড়া এলাকাটি সমৃদ্ধ করতে বাঙ্গোরা এলাকাকে আলাদা নতুন উপজেলা হিসেবে ঘোষণা ও বাস্তবায়নের পদক্ষেপ নেয়ায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং প্রধানমন্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

অরাজনৈতিক ও সমাজকল্যাণমূলক সংগঠন হিসেবে ‘মুরাদনগর সমিতি-ঢাকা’-এর বিভিন্ন মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন ধর্মমন্ত্রী। বিশেষ করে এলাকায় দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু শিবির আয়োজন, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণসহ ছানি অপারেশনের ব্যবস্থা করা, জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা এবং দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার উদ্যোগকে তিনি অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে তিনি সমিতিটিকে আরো বিস্তৃত ও সুদৃঢ় করতে ‘বৃহত্তর মুরাদনগর সমিতি’ হিসেবে পরিচালনা করার প্রস্তাব দেন।

বক্তব্যের শেষ পর্যায়ে ধর্মমন্ত্রী এলাকার ঐতিহ্য ও বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মরণ করেন। তিনি আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি পারমতলার সন্তান পরিচিত ক্যাপ্টেন, ঐতিহ্যবাহী শ্রীকাইল কলেজের প্রতিষ্ঠাতা দত্ত মহাশয় এবং হাজী হাশেমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি অসুস্থ প্রবীণ নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার আরোগ্য ও নেক হায়াত কামনা করে সবার কাছে দোয়া চান।

মুরাদনগর সমিতি-ঢাকা-এর সভাপতি প্রকৌশলী মো: এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টি অ্যান্ড টি বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক এম এ খালেক ভূঁঞা, পাওয়ার সেলের অবসরপ্রাপ্ত মহাপরিচালক বিডি রহমত উল্লাহ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার নূরুল হক এবং ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামাল। 

সভায় ঢাকায় বসবাসরত মুরাদনগরের বিপুলসংখ্যক পেশাজীবী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।