নতুন ড্রোন, উন্মোচন, ইরান
‘মিনিয়েচার সুইসাইড ড্রোন’ যুক্তরাষ্ট্রের সুইচব্লেড ৩০০ ড্রোনের সাথে মিল রয়েছে। ওয়ানা
ads

শত্রুপক্ষের ড্রোন প্রতিহত এবং কাছাকাছি দূরত্বের লক্ষ্যবস্তুতে হামলার জন্য তিন ধরনের নতুন ছোট ড্রোন প্রদর্শন করেছে ইরান। শনিবার মাশহাদে ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) মহাকাশ বাহিনীর অর্জন নিয়ে আয়োজিত এক প্রদর্শনীতে এগুলো দেখানো হয়।

ইরানের বার্তা সংস্থা ওয়ানা শনিবার (২৮ নভেম্বর) এ খবর জানায়। ড্রোন তিনটির নাম ‘সায়েহ’, ‘গাসেদাক’ ও ‘মিনিয়েচার সুইসাইড ড্রোন’। নকশা, আকার, নিয়ন্ত্রণব্যবস্থা ও উড্ডয়ন সক্ষমতায় এগুলোর পার্থক্য রয়েছে।

‘সায়েহ’ চার রোটরবিশিষ্ট একটি ছোট ড্রোন। এটি শত্রুপক্ষের ছোট ড্রোন প্রতিহত করার পাশাপাশি টহল ও নজরদারির কাজে ব্যবহার করা যাবে। এতে থার্মাল ইমেজ ধারণের ব্যবস্থা রয়েছে। ফলে রাত এবং প্রতিকূল আবহাওয়ায়ও এটি কাজ করতে পারবে। এর পাল্লা ১০ কিলোমিটার, ওজন ২ কেজি এবং বহনক্ষমতা ১ কেজি। ঘণ্টায় ৪৫০ থেকে ৬০০ কিলোমিটার গতিতে উড়তে পারে এটি। একটানা উড়তে পারে পাঁচ মিনিট। বিভিন্ন পৃষ্ঠ থেকে এটি উড়তে পারে। বড় ড্রোনের মাধ্যমেও বহন ও উৎক্ষেপণ করা যাবে।

বিভিন্ন প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক অভিযানের জন্য তৈরি নতুন ধরনের ছোট চালকবিহীন আকাশযান (ড্রোন)

দ্বিতীয় ড্রোন ‘গাসেদাক’ লক্ষ্যবস্তুর ওপর চক্কর দিয়ে সুযোগমতো হামলা চালানোর জন্য তৈরি। ইলেকট্রনিক যুদ্ধের কারণে যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটলেও এটি কাজ করতে পারবে। এতে স্বয়ংক্রিয় উড্ডয়ন নিয়ন্ত্রণব্যবস্থা ও আলোক-তড়িৎ প্রযুক্তিতে লক্ষ্যবস্তু শনাক্ত করার ব্যবস্থা রয়েছে। ফলে পরিচালকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বা উপগ্রহের মাধ্যমে অবস্থান নির্ণয় ছাড়াই এটি লক্ষ্যবস্তুর দিকে এগোতে পারে। অন্য ড্রোন বা বড় উড়োজাহাজ থেকে এটি উৎক্ষেপণ করা যাবে। এর পাল্লা ৪০ থেকে ৫০ কিলোমিটার, ওজন ১৩ কেজি এবং বহনক্ষমতা ৩ কেজি। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার। একটানা উড়তে পারে প্রায় ৪৫ মিনিট।

তৃতীয় ড্রোন ‘মিনিয়েচার সুইসাইড ড্রোন’-এর নকশার সাথে যুক্তরাষ্ট্রের সুইচব্লেড ৩০০-এর যথেষ্ট মিল রয়েছে। জিপিএস সংকেত না থাকলেও এটি কাজ করতে পারে। স্বয়ংক্রিয় দিকনির্দেশনা ও ছবি ধারণের ব্যবস্থার সাহায্যে পথ খুঁজে নেয় এবং লক্ষ্যবস্তু শনাক্ত করে। এতে উপগ্রহ যোগাযোগের ওপর নির্ভরতা কমে। এর পাল্লা প্রায় ২০ কিলোমিটার, ওজন ২ দশমিক ৮ কেজি এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার। একটানা উড়তে পারে প্রায় পাঁচ মিনিট।

আইআরজিসির মহাকাশ বাহিনীর নতুন এই ড্রোনগুলো ছোট আকাশযান প্রতিহত করা এবং স্বল্প ও মাঝারি দূরত্বে হামলার কাজে ব্যবহারের জন্য তৈরি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন সংঘাতে ছোট ড্রোনের ব্যবহার বাড়তে থাকায় কম খরচে ড্রোন প্রতিরোধী ব্যবস্থা ও কৌশলগত ড্রোন তৈরি সামরিক বাহিনীগুলোর কাছে অগ্রাধিকার পাচ্ছে। ঘোষিত বৈশিষ্ট্য অনুযায়ী, নতুন ড্রোনগুলো স্থলবাহিনীর কিছু প্রয়োজন মেটানোর পাশাপাশি যুদ্ধক্ষেত্রে ছোট ড্রোনের হুমকি মোকাবিলায় কাজে লাগবে।