
চাঁদপুরে ছিনতাই হওয়া ১৯ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ ২৫ হাজার টাকা উদ্ধারসহ ছিনতাইয়ের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (৮ নভেম্বর) সকালে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।
গ্রেফতাররা হলেন জাহিদ ওরফে গরু জাহিদ (২১), মো: জাহিদ হোসেন ওরফে কেলা জাহিদ (২১) ও রাব্বি হোসেন (২৪)-কে গ্রেফতার করা হয়।
নাদিরা নূর বলেন, ‘চাঁদপুর বড় স্টেশনের রেলওয়ে প্ল্যাটফর্মে এক নারীর কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।’
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত বৃহস্পতিবার ভোর ৪টা ৫৬ মিনিটের দিকে চাঁদপুর রেলওয়ে থানাধীন বড় স্টেশনের প্ল্যাটফর্মে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফাতেমা আক্তার নামে ফরিদগঞ্জের এক নারী চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে স্টেশনে এলে ছিনতাইকারীরা তার কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় তার ভাই মেরাজুল ইসলাম চাঁদপুর রেলওয়ে থানায় মামলা করেন।
ঘটনার পর পুলিশ সুপার মো: মিজানুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের দিকনির্দেশনায় এবং ডিবির ওসি মো: মজিবুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা কেলা জাহিদ ও রাব্বিকে গ্রেফতার করা হয়। পরে শনিবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে কিশোরগঞ্জ জেলার সদর থানার মাইজকান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইজকান্দি গ্রামে বোনের শ্বশুরবাড়ি থেকে গরু জাহিদকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ছিনতাই করা ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারদের দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর বড় স্টেশন বরফকল ভিআইপি ঘাটের সিঁড়ির নিচে এবং নদীর পল্টুনের সুড়ঙ্গের ভেতর থেকে ১৮ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে সাতটি চেইন, পাঁচটি আংটি, চার জোড়া কানের দুল, দুটি রুলি, একটি গলার হার ও একটি ব্রেসলেট।
ডিবি পুলিশের দাবি, এ ঘটনায় জড়িত কোনো আসামি পলাতক নেই। গ্রেফতারদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ডিবির এসআই জিয়াউল হক জিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে এএসআই জহির উদ্দিনসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








