
কুড়িগ্রামে পৌর টাউন হল মিলনায়তনে মাদক সেবনে বাধা দেয়ায় এক যুবকের ছুরিকাঘাতে পৌরসভা কার্যালয়ের কেয়ারটেকার মনসুর আলী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী মল্লিকা বেগমও। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে টাউন হল মিলনায়তন চত্বরে এ ঘটনা ঘটে।
নিহত মনসুর আলীর বাড়ি কুড়িগ্রাম পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন ছয় আনিপাড়ায়।
গ্রেফতারকৃত ব্যক্তি পৌর এলাকার সরদারপাড়ার বাসিন্দা জুলহাস আহমেদের ছেলে শাহনেওয়াজ ওরফে সানি (৩২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, পৌর টাউন হল মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠান চলছিল। এসময় সানি মাদক সেবনের জন্য টাউন হল মিলনায়তনে চত্বরে গেলে তাকে বাধা দেন কেয়ারটেকার মনসুর আলী। অনুষ্ঠান শেষ হলে অতিথিসহ আগত মানুষজন চলে যায়। দুপুর হওয়ায় মনসুর আলীর স্ত্রী দুপুরের খাবার নিয়ে সেখানে যান। এসময় আটক যুবক তাদের উপর ছুরি নিয়ে হামলা চালায়। স্থানীয়রা চিৎকার শুনে গিয়ে আহতাবস্থায় তাদের উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এবং সানিকে আটক করে পুলিশে সোপর্দ করে।
কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: নূরে নেওয়াজ বলেন, দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলেও এরমধ্যে একজন পথিমধ্যে মারা গেছেন। অপরজনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় সানি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








