পটিয়ায় পানির নিচে থাকা লোহার ধাক্কায় লবণবোঝাই ২ নৌকা ডুবি
নির্মাণাধীন সেতুর পানির নিচে থাকা লোহার সাথে ধাক্কা লেগে ডুবে যাওয়া দুই নৌকা। নয়া দিগন্ত
ads

চট্টগ্রামের পটিয়ায় নির্মাণাধীন সেতুর পানির নিচে থাকা লোহার সাথে ধাক্কা লেগে লবণবোঝাই দুটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মালিকরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে পটিয়ার চানখালি খালের নাইখাইন এলাকায় নির্মাণাধীন একটি সেতুর লোহার অংশে ধাক্কা লেগে নৌকা দুটি ডুবে যায়।

ক্ষতিগ্রস্ত নৌকার মালিক কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা এলাকার নুরুল আফসার ও আব্দুর শুক্কুর জানান, নৌকা দুটিতে প্রায় সাড়ে তিন হাজার মণ অপরিশোধিত লবণ নিয়ে তাঁরা পটিয়ার ইন্দ্রপোল লবণ শিল্প এলাকায় যাচ্ছিলেন। দুপুরে নাইখাইন এলাকা পার হওয়ার সময় সেতুর সঙ্গে থাকা পানিতে ডুবে যাওয়া লোহার পাত বা অ্যাঙ্গেলে ধাক্কা লেগে নৌকা দুটি তলিয়ে যায়। বর্তমানে পাইকারিতে প্রতি মণ লবণ সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে; সে হিসাবে প্রায় ৩০ লাখ টাকার লবণ নষ্ট হয়েছে। নৌকাসহ তাঁদের মোট ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ৫০ লাখ টাকা।

নৌকাডুবির পর খালের পাড়ে বসে মালিকদের অসহায়ভাবে ভেঙে পড়তে দেখা যায়।

পটিয়া ইন্দ্রপোল লবণ মিল মালিক সমিতির ওয়াহিদুস সামাদ হেলাল জানান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ওই খালের ওপর একটি সেতু নির্মাণ করছে। নির্মাণকাজের ধীরগতির কারণে সেতুর পিলারে থাকা লোহার পাত ও অ্যাঙ্গেলে লেগে এর আগেও আরও ১০ থেকে ১২টি লবণবোঝাই নৌকা ডুবে ব্যবসায়ী ও মাঝিদের বড় ধরনের ক্ষতি হয়েছে। দ্রুত সেতুর কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে পাউবো ডিভিশন-১-এর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাঈদ বলেন, সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে তাগাদা দেওয়া হয়েছে।