
বরিশালের উজিরপুরে উপজেলা পরিষদের পাশে ময়লা-আবর্জনায় ভরাট হওয়া একটি খাল পরিষ্কারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলী সুজার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এবং বিডি ক্লিন বরিশালের সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অভিযানে ইউএনও শুধু নির্দেশনা দিয়ে দায়িত্ব শেষ করেননি, বরং তিনি নিজেই খালে নেমে ময়লা-আবর্জনা পরিষ্কারে নেতৃত্ব দেন। তার সাথে পরিচ্ছন্নতা কাজে যোগ দেন বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটিতে ময়লা-আবর্জনা জমে পরিবেশ দূষিত হচ্ছিল। প্রশাসনের এ উদ্যোগে খালটি পরিষ্কারের পাশাপাশি জনসচেতনতা তৈরি হবে বলে তারা আশা করছেন। তবে অভিযান শেষ হওয়ার পর আবারও যাতে খালে ময়লা ফেলা না হয়, সে জন্য নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ইউএনও মো: আলী সুজা বলেন, উপজেলা পরিষদের প্রাণকেন্দ্রে অবস্থিত খালটিতে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে। খালের পাশ দিয়ে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি মশার বিস্তার বাড়ায় ডেঙ্গুর ঝুঁকিও তৈরি হচ্ছে।
তিনি বলেন, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খালটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। শুধু একটি খাল পরিষ্কার করলেই হবে না, প্রত্যেককে নিজের বাড়ির আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে।
অভিযানে পৌর নির্বাহী কর্মকর্তা মো: সাইফুর রহমান খান, বিডি ক্লিন বরিশালের বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান, সহ-সমন্বয়ক আরিফ হোসেন, সমন্বয়ক আনজুম খান, আঁখি ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








