
সাভার শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি শুক্রবার (৬ নভেম্বর) শান্তিপূর্ণ ও স্বাভাবিক ছিল।
এর মধ্যে হেমায়েতপুরের একেএইচ গ্রুপসহ অধিকাংশ কারখানা শুক্রবার (৬ নভেম্বর) ও শনিবার (৭ নভেম্বর) নোটিশের মাধ্যমে বন্ধ রাখা হয়েছে। আগামী রোববার (৮ নভেম্বর) থেকে যথারীতি কারখানাগুলোতে কার্যক্রম শুরু হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
তবে জরুরি শিপমেন্ট ও অন্যান্য প্রয়োজনের কারণে বেশ কিছু কারখানা খোলা রাখা হয়। এসব কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
গত কয়েক দিন ধরে ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সাভার শিল্পাঞ্চলে অসন্তোষ ও অস্থিরতা বিরাজ করছিল। তবে শুক্রবার পুরো শিল্পাঞ্চলে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আন্দোলনের খবর পাওয়া যায়নি। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন।
আন্দোলনের সময় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এপিবিএন, শিল্প পুলিশ, জেলা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানার সামনে সতর্ক অবস্থানে মোতায়েন ছিলেন।
সাভার-আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমেনুল ইসলাম ভূঁইয়া নয়া দিগন্তকে জানান, শুক্রবার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের ১০০টি কারখানা খোলা ছিল এবং সেগুলোতে উৎপাদন কার্যক্রম চলেছে। বাকি কারখানাগুলো বন্ধ আছে। আজ সার্বিক কার্যক্রম স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








