
পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ উদ্যোগ বাস্তবায়নে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎকালে ইউজিসি চেয়ারম্যান এ সহযোগিতা চান।
নেতৃবৃন্দ তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি জনসংযোগ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের বিষয়ে কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
চেয়ারম্যান জানান, ইউজিসির নতুন নতুন কার্যক্রম ও উদ্যোগ জনপ্রিয় করা এবং সেগুলো জনসাধারণের কাছে কার্যকরভাবে তুলে ধরতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনসংযোগ বিষয়ে অ্যাকাডেমিক প্রোগ্রাম চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
বাপাজস সভাপতি ড. মহিউদ্দিন আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক মো: সামছুল আলম শিবলীর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল কাসেম শিখদার, সহ-সভাপতি মো: নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: আল-আমিন খান, সমাজকল্যাণ সম্পাদক মোস্তাক জাহান এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ইফতেখার হোসাইন।
সাক্ষাৎকালে বাপাজস নেতৃবৃন্দ ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও পরিচিতিপত্র উপহার দেন। এ সময় চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








