
শাহেদ মতিউর রহমান
শিক্ষা প্রশাসনে ফের সক্রিয় হচ্ছে আওয়ামী লীগের বেশ কিছু সুবিধাভোগী কর্মকর্তা। গত ২০২৪-এর ৫ আগস্টের পর অনেকেই সাময়িক সময়ের জন্য গাঢাকা দিলেও সময়ের পরিবর্তনে এখন আবারো তারা শিক্ষা প্রশাসনের কেন্দ্রবিন্দুতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে নিচ্ছে। এমনকি বিএনপি বা জামায়াতে ইসলামী ট্যাগ লাগিয়ে যাদেরকে বছরের পর বছর দেশের প্রত্যন্ত অঞ্চলে পোস্টিং দিয়ে শাস্তি দেয়া হয়েছে কিংবা ওএসডি (কর্মহীন) করে রাখা হয়েছিল নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরেও আগের সেই ত্যাগী কর্মকর্তারা এখনো নানাভাবে বঞ্চিতই হচ্ছেন। আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সম্প্রতি রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেফতার হওয়ার পর তারই ঘনিষ্ঠ এবং কাছের লোকজনের মধ্যেও ভীতি তৈরি হয়েছে। বিশেষ করে মন্ত্রী নাহিদের সহকারী একান্ত সচিব (এপিএস) মন্মথ রঞ্জন বাড়ৈয়ের নানা অনিয়মের সাথে জড়িত ছিলেন শিক্ষা ক্যাডারের বেশ কিছু কর্মকর্তা; তারা এখন রীতিমতো আতঙ্কে রয়েছেন।
এ দিকে জাতীয় শিক্ষাব্যাবস্থাপনা একাডেমি (নায়েম)-এর গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে এখনো নুরুল ইসলাম নাহিদ এবং বাড়ৈয়ের বান্ধবী হিসেবে শিক্ষা প্রশাসনে বেশ সুপরিচিত বেশ কয়েকজন নারী কর্মকর্তা আগের পরিচয় গোপন করেই কর্মরত রয়েছেন। শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা যায়, আওয়ামী লীগের সরাসরি রাজনীতির সাথে জড়িত ছিলেন এমন কর্মকর্তারা এখন প্রকাশ্যে এসে লোভনীয় এবং রাজধানীকেন্দ্রিক বড় বড় প্রতিষ্ঠানে পোস্টিং নিয়ে উল্টো বিএনপি মনোভাবাপন্ন ত্যাগী কর্মকর্তাদের ওপরেই ছড়ি ঘুরাচ্ছেন।
সূত্র জানায়, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শিক্ষা অধিদফতর (মাউশির)-বিভিন্ন পদে এখনো আওয়ামী লীগের সুবিধাভোগীরাই বহাল তবিয়তেই রয়েছেন। এমনকি ২০২৪-এর ৫ আগস্টের পর এবং গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরেও অনেক কর্মকর্তা বদলি হয়ে মাউশিতে এসেছেন। যদিও আওয়ামী আমলের অনেক বঞ্চিত ও ত্যাগী কর্মকর্তাকে মাউশি থেকে অন্যন্ত্র বদলি কিংবা ওএসডি করে রাখা হয়েছে। মাউশির নিরীক্ষা অধিদফতরেও আওয়ামী সুবিধাভোগীদের অনৈতিক সুবিধার বিনিময়ে পোস্টিং দেয়ার অভিযোগ রয়েছে। বর্তমানে নিরীক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর মো: আফলাতুনের বিরুদ্ধেও আর্থিক অনিয়ম ও অডিট আপত্তির অভিযোগও রয়েছে। এর পরেও এই কর্মকর্তাকে চাঁদপুরের একটি উপজেলার কলেজ থেকে সরাসরি ঢাকায় নিয়ে এসে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নীরিক্ষা অধিদফরের ডিআইএ’র পরিচালক পদে বসানো হয়েছে। এ নিয়ে শিক্ষা প্রশাসনে তুমুল বির্তক চলছে। কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে তীব্র চাপা ক্ষোভ বিরাজ করছে।
অন্য দিকে শিক্ষা প্রশাসনের অন্যতম প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাব্যবস্থা ও প্রশিক্ষণ একাডেমি (নায়েম)-এর প্রশিক্ষণ বিভাগেও আওয়ামী লীগের সুবিধাভোগী এবং মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বাড়ৈয়ের বান্ধবী হিসেবে পরিচিতরাই সুুবিধাজনক ও লোভনীয় পদে এখনো অধিষ্ঠিত রয়েছেন। সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষণ বিভাগে বিশেষজ্ঞ হিসেবে যারা শিক্ষা ক্যাডার থেকে প্রেষণে আসেন তাদের অবশ্যই উচ্চশিক্ষা এবং প্রশিক্ষণের ওপরে দক্ষতা ও ডিগ্রি থাকা প্রয়োজন; কিন্তু বর্তমানে যারা এখানে রয়েছেন তাদের অধিকাংশই আওয়ামী আমলে নিযুক্ত বিশেষ করে শিক্ষামন্ত্রী নাহিদের বান্ধবী হিসেবে সব মহলে পরিচিত। সূত্র জানায়, নায়েমে কর্মরত অধ্যাপক মনোয়ারা খাতুন, আসমা আক্তার খাতুন (সাবেক তথ্য প্রতি মন্ত্রী টাকলা মুরাদের চাচী), সায়মা রহমান রুনু (মন্ত্রী নাহিদের বান্ধবী), শাহিদা সুলতানা (নাহিদ ও বাড়ৈয়ের বান্ধবী), প্রফেসর সাইদুর রহমান কোতোয়াল (বাবা ছিলেন শরীয়তপুরের আওয়ামী লীগের নেতা) এ রকম আরো অনেকেই নিজেদের পরিচয় গোপন করে এখন অতিমাত্রায় বিএনপি সেজে নিজেদের স্বার্থ সিদ্ধি করছেন।
শিক্ষা সেক্টরের অনেকেই মনে করছেন সামনের দিনে দেশে বড় ধরনের কোনো বিশৃঙ্খলার প্রেক্ষাপট তৈরিতে এই কর্মকর্তারা এখন থেকেই নানাভাবে তথ্যপাচার ও অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গের কলকাঠিও তারা নাড়ছেন। অভিযোগ রয়েছে- শিক্ষা ক্যাডারের অন্যতম বর্ণচোরা প্রফেসর শাহানা সামছুদ্দিন (তার ভাই লিয়াকত হোসেন গাজীপুরের আওয়ামী লীগের সাবেক নেতা এবং তার স্বামী আবু জুবায়েত খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা) সরকারকে নানাভাবে বিতর্কিত করার জন্য গোপনে নানাভাবে ষড়যন্ত্র করছেন।
গতকাল সন্ধ্যায় কথা হয় নায়েমের প্রশিক্ষণ বিভাগের অধ্যাপক মনোয়ারা খাতুনের সাথে। তিনি এই প্রতিবেদককে বলেন, আমি অনৈতিকভাবে আওয়ামী আমলে কোনো দিন কোনো সুবিধা গ্রহণ করেনি। যদিও অভিযোগ রয়েছে তিনি (মনোয়ারা খাতুন) ২০১০ সাল থেকেই আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অন্যায়ভাবে বহু সুবিধা নিয়েছেন। তিনি স্বীকার করেন, আমি সংস্কৃতিকর্মী হিসেবে একটু বাড়তি সুবিধা পেয়েছি এটা ঠিক তবে আমি কোনো অন্যায় করিনি। অপর দিকে আসমা আক্তার খাতুন তার বিরুদ্ধে আওয়ামী লীগের পরিবারের সুবিধা নেয়ার বিষয়ে অস্বীকার করে বলেন, আমার পরিবারে কেউ আওয়ামী লীগের নেই।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









