
যুক্তরাষ্ট্র ইরানের দেয়া ‘যৌক্তিক শর্ত’ মেনে নিলেই হরমুজ প্রণালী আবার খুলে দেয়া সম্ভব বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, প্রণালীটি খুলে দেয়া কঠিন কিছু নয়। তবে ইরানের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এটি খোলার কোনো পরিকল্পনা নেই।
তুরস্কের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম শনিবার (২১ নভেম্বর) এ খবর জানায়। ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আরাগচি বলেন, ‘হরমুজ প্রণালী আবার খুলে দেয়া কঠিন কিছু নয়। যুক্তরাষ্ট্রকে শুধু আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ ইরানের যৌক্তিক শর্তগুলো মেনে নিতে হবে।’
তিনি বলেন, ওয়াশিংটন নিজেদের ভুল স্বীকার করে আগে দেয়া প্রতিশ্রুতি পূরণ করলেই কেবল বর্তমান পরিস্থিতির সমাধান সম্ভব। অতীতের যুদ্ধগুলো থেকে প্রমাণ হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে ওই অঞ্চলের দেশগুলোকেই। এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি।
তাসনিমের এক প্রশ্নের জবাবে ইরানে কাতারের একটি প্রতিনিধিদলের সফর নিয়ে কথা বলেন আরাগচি। তিনি বলেন, এ ধরনের সফর নিয়মিত ঘটনা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীরা বিভিন্ন ধারণা ও প্রস্তাব নিয়ে প্রায়ই দুই দেশের মধ্যে যাতায়াত করেন।
ইরানের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘ইরানের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেয়ার বিষয়টি আলোচ্যসূচিতে নেই। আমরা সব সময়ই বলে আসছি, আলোচনায় বসতে যেমন প্রস্তুত, তেমনি নিজেদের রক্ষায়ও প্রস্তুত।’
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধকে ‘সম্পূর্ণ অবৈধ’ বলে আখ্যা দেন আরাগচি। এ অবরোধ নিয়ে নানা ধরনের জল্পনা চলছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, আঞ্চলিক দেশগুলোর আলোচনা ও ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ এগিয়ে নিতে সময় দেয়া উচিত। অবরোধ তুলে নেয়ার জন্য ‘যুক্তিসংগত কোনো পথ’ বের হবে বলে আশা প্রকাশ করেন আরাগচি।
আঞ্চলিক উত্তেজনা কমাতে ওমানের উদ্যোগের প্রশংসা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। চার দিন আগে ওমানের সুলতান ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার সর্বশেষ আলোচনা হয়েছে। অঞ্চলের স্পর্শকাতর পরিস্থিতির কারণে ওমানের সাথে ঘনিষ্ঠ পরামর্শ অব্যাহত থাকবে।
গত ১২ জুলাই আবারো হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এর চার দিন আগে দেশটির ওপর নতুন করে হামলা শুরু করেছিল যুক্তরাষ্ট্র।
এদিকে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন আরাগচি। গাজায় যা ঘটছে, তাকে তিনি ‘এক ধরনের নীরব গণহত্যা’ বলে বর্ণনা করেন। তার অভিযোগ, ইসরাইল অব্যাহতভাবে ফিলিস্তিনিদেরকে হত্যা করে যাচ্ছে।
এদিকে পৃথকভাবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় কাতারের একটি প্রতিনিধিদল তেহরানে পৌঁছায়। সেখানে তারা দুই ঘণ্টা আলোচনা করেছে।
তিনি বলেন, কূটনীতির পথ খুঁজে বের করতে কাতারের সাথে অনলাইন ও সরাসরি—দুইভাবেই আলোচনা চলছে। তবে এ বিষয়ে কাতারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









