
- বিশ্বে ধান উৎপাদন ৪ মৌসুমে প্রথমবার কমছে
- ভারতে পতন ৮ মিলিয়ন টনের বেশি
- ৪ মাসে জ্বালানি-সার আমদানিতে বাড়তি খরচ ২৬১ কোটি ডলার
বৈশ্বিক অর্থনৈতিক টানাপড়েন, সার-জ্বালানির বাড়তি খরচ এবং জলবায়ু পরিবর্তনের নানা চ্যালেঞ্জের মধ্যেও ধান উৎপাদনে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সাম্প্রতিক প্রতিবেদনে (নভেম্বর) বলা হয়েছে, অনুকূল আবহাওয়া ও কৃষি উপকরণের সময়মতো সরবরাহের কারণে চলতি ২০২৬-২৭ মৌসুমে দেশে ধান উৎপাদন (চালের হিসাবে) ৪১ দশমিক ৩ মিলিয়ন টনের কাছাকাছি থাকবে। গত মৌসুমে এ পরিমাণ ছিল ৪১ দশমিক ৪ মিলিয়ন টন।
বাংলাদেশের হিসাব : এফএওর রিপোর্টে দেখানো হয়েছে, ২০২২-২৩ থেকে ২০২৪-২৫ পর্যন্ত তিন বছরে বাংলাদেশের গড় ধান উৎপাদন ছিল ৩৯ দশমিক ৮ মিলিয়ন টন (৩ কোটি ৯৮ লাখ টন)। সেই তুলনায় গত মৌসুমের ৪১ দশমিক ৪ মিলিয়ন টন (৪ কোটি ১৪ লাখ টন) বেশ ভালো ফলন এবং চলতি মৌসুমে তা প্রায় একই থাকছে।
ওই দিকে, দেশে চালের মোট ব্যবহার ২০২৫-২৬ সালে ৪২ দশমিক ৩ মিলিয়ন টন থেকে বেড়ে ২০২৬-২৭ সালে ৪২ দশমিক ৬ মিলিয়ন টন হতে পারে বলে এফওএ প্রতিবেদনে পূর্বাভাষ দেয়া হয়েছে। অর্থাৎ ব্যবহার উৎপাদনের চেয়ে কিছুটা বেশি হবে। মাথাপিছু বার্ষিক চাল ভোগ ১৯১ দশমিক ২ কেজি থেকে বেড়ে ১৯১ দশমিক ৬ কেজিতে দাঁড়াবে। অর্থাৎ এতে প্রমাণিত হয় যে চাল ভোগ (খাওয়া) এর ক্ষেত্রে বাংলাদেশ বিশে^ শীর্ষে অবস্থান করছে।
তারপরও ঘাটতি থাকবে কিছুটা : এই ঘাটতি মেটাতে ভরসা মজুদ ও আমদানির প্রয়োজন হতে পারে। এফএওর হিসাবে বছর শেষে দেশের চালের মজুদ ৮ দশমিক ৩ মিলিয়ন টন থেকে কমে ৭ দশমিক ৭ মিলিয়ন টনে নামতে পারে। আমদানি ২০২৬ সালে ০ দশমিক ৯ মিলিয়ন টন, ২০২৭ সালে ০ দশমিক ৬ মিলিয়ন টন ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগের মৌসুম থেকে আসা বিপুল মজুদ বাংলাদেশ, ব্রাজিল ও বিশেষ করে ভারতে উৎপাদন ঘাটতির ধাক্কা সামলাতে সহায়তা করবে।
সারের শঙ্কা : বোরোর আগে সতর্কবার্তা
ফলন স্থিতিশীল হলেও এফএওর প্রতিবেদনে সারকে ঘিরে বাংলাদেশের জন্য সতর্কতা আছে। ২৮ ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় উপসাগরীয় অঞ্চল থেকে সার ও এলএনজি সরবরাহ ব্যাহত হয়েছে। বাংলাদেশের নথিভুক্ত সব ইউরিয়া আমদানি উপসাগরীয় উৎস থেকে হয়, আর দেশীয় কারখানাও আমদানি করা গ্যাস ও কাঁচামালের ওপর নির্ভরশীল। প্রতিবেদন অনুযায়ী, পাঁচটি রাষ্ট্রীয় ইউরিয়া কারখানার অন্তত তিনটি গ্যাস ও কাঁচামালের অভাবে বন্ধ ছিল।
এই সঙ্কট সামলাতে মার্চ থেকে জুনের মধ্যে জ্বালানি ও সার আমদানিতে বাংলাদেশকে প্রায় ২ দশমিক ৬১ বিলিয়ন ডলার (২৬১ কোটি মার্কিন ডলার) অতিরিক্ত বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়েছে। সৌদি আরব থেকে আমদানি বছরওয়ারি প্রায় ৩০ শতাংশ বেড়েছে। আমন মৌসুমের আগে দুই লাখ টনের সংশোধিত দরপত্র ডাকা হয়েছিল। জুলাইয়ে বলা হয়েছিল, মজুদ অক্টোবর পর্যন্ত চলবে।
নাইট্রোজেন সারের দাম অবশ্য আগস্ট-সেপ্টেম্বরে সঙ্কটপূর্ব স্তরের কাছাকাছি নেমে এসেছে। কিন্তু ফসফেটের দাম এখনো ২০২২ সালের পর সর্বোচ্চের কাছাকাছি, এবং এফএওর ধারণা তা আগামী এপ্রিল পর্যন্ত চড়া থাকবে। সংস্থাটি সতর্ক করেছে, হরমুজে নতুন করে সঙ্কট দেখা দিলে ২০২৭ সালের ফলনে প্রভাব পড়তে পারে।
ভারতে পতন, তবু রফতানি বাড়ার আভাস
এফওএ বলছে, বাংলাদেশের প্রধান প্রতিবেশী ভারতে ধান উৎপাদন ২০২৫-২৬ মৌসুমের ১৫৪ মিলিয়ন টন থেকে কমে ১৪৫ দশমিক ৭ মিলিয়ন টনে নামতে পারে, যা প্রায় ৫ দশমিক ৪ শতাংশ হ্রাস। তবু রেকর্ড মজুদের কারণে দেশটির রফতানি ২০২৬ সালের ২২ দশমিক ৩ মিলিয়ন টন থেকে বেড়ে ২০২৭ সালে ২৩ মিলিয়ন টনে পৌঁছাতে পারে। বিশ্ববাণিজ্যে চালের ঘাটতি মেটাতে ভারত ও পাকিস্তানের বাড়তি রফতানিকেই প্রধান ভরসা মনে করছে এফএও।
বলা হয়েছে, পাকিস্তানে উৎপাদন ১০ মিলিয়ন থেকে বেড়ে ১০ দশমিক ৪ মিলিয়ন টন এবং রফতানি ৪ দশমিক ৬ মিলিয়ন থেকে বেড়ে ৫ দশমিক ৬ মিলিয়ন টন হতে পারে। শ্রীলঙ্কায় উৎপাদন সামান্য বেড়ে ৩ দশমিক ৫ মিলিয়ন টনে দাঁড়াতে পারে।
ভিয়েতনাম, থাইল্যান্ডসহ অন্যরা
এফওএর হিসেবে-ভিয়েতনামে উৎপাদন ২৮ দশমিক ৩ মিলিয়ন থেকে কমে ২৭ দশমিক ৭ মিলিয়ন টন এবং রফতানি ৮ দশমিক ৪ মিলিয়ন থেকে কমে ৮ দশমিক ২ মিলিয়ন টন হতে পারে। থাইল্যান্ডে উৎপাদন ২৩ দশমিক ৩ মিলিয়ন থেকে নেমে ২১ দশমিক ৮ মিলিয়ন টনে ঠেকতে পারে। দেশটির রফতানি ২০২৬ ও ২০২৭ উভয় বছরে সাত মিলিয়ন টনে স্থির থাকার কথা, যা ২০২৩-২৫ সালের গড় ৯ মিলিয়ন টনের চেয়ে অনেক কম। মিয়ানমারে উৎপাদন ১৮ দশমিক ৩ মিলিয়ন থেকে কমে ১৮ মিলিয়ন টন হতে পারে।
চীনে উৎপাদন সামান্য বেড়ে ১৪৪ দশমিক ৭ মিলিয়ন টন, ইন্দোনেশিয়ায় ৩৮ দশমিক ৬ মিলিয়ন টন হওয়ার পূর্বাভাস আছে। সবচেয়ে বড় পতন যুক্তরাষ্ট্রে, যেখানে উৎপাদন ৬ দশমিক ৬ মিলিয়ন থেকে নেমে ৫ মিলিয়ন টনে ঠেকতে পারে। এফএও একে বহু দশকের মধ্যে সর্বনি¤œ স্তর বলেছে। ব্রাজিলেও উৎপাদন ৮ দশমিক ৭ মিলিয়ন থেকে কমে ৭ দশমিক ৫ মিলিয়ন টন হতে পারে। আফ্রিকা একমাত্র অঞ্চল, যেখানে উৎপাদন বাড়ার কথা।
বিশ্ব হিসাব ও দামের চাপ-কমবে উৎপাদন
সব মিলিয়ে বিশ্বে ধান উৎপাদন ৫৬৬ দশমিক ১ মিলিয়ন থেকে কমে ৫৫২ মিলিয়ন টনে নামতে পারে, অথচ ব্যবহার ০ দশমিক ৬ শতাংশ বেড়ে ৫৫৮ দশমিক ৮ মিলিয়ন টন হবে। তবে বিশ্ব মজুদ ২১৬ দশমিক ৫ মিলিয়ন টনে থাকায় তা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। ফলে আপাতত সরবরাহ সঙ্কটের আশঙ্কা নেই।
কিন্তু দামের চিত্র অন্য। অক্টোবরে এফএওর অল রাইস প্রাইস ইনডেক্স গড়ে ১১২ দশমিক ৩ পয়েন্টে উঠেছে, যা মে মাসের চেয়ে ৭ দশমিক ১ শতাংশ এবং এক বছর আগের চেয়ে ১৪ দশমিক ১ শতাংশ বেশি। দক্ষিণ এশিয়ার প্রধান ভোগ্য ইন্ডিকা চালের দাম মে থেকে বেড়েছে ১১ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে আঠালো, জাপোনিকা ও সুগন্ধি চালের দাম ২ থেকে ৫ শতাংশ কমেছে। থাই ১০০ শতাংশ বি গ্রেড চালের দাম অক্টোবরে টনপ্রতি ৪৯২ ডলারে উঠেছে, এক বছর আগে যা ছিল ৩৭১ ডলার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









