মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । সংগৃহীত ছবি
ads

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সাথে একটি ‘স্থায়ী’ চুক্তি করতে চান। একইসাথে ভবিষ্যতে কোনো মার্কিন প্রেসিডেন্টই যেন তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে না পারেন, তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজের সাথে এক টেলিফোন সাক্ষাৎকারে এসব বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের বারবার চুক্তি ভঙ্গ করার প্রবণতার কারণেই তিনি এমন পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন।

তিনি আরো বলেন, ‘আমরা একটি চুক্তি করি, আর পরদিন সকালেই তারা তা ভেঙে ফেলে।’ 

তিনি যুক্তি দেন যে, ভবিষ্যতে হোয়াইট হাউসে যেই আসুক না কেন, নতুন যেকোনো চুক্তিতে এমন শর্ত থাকতে হবে যাতে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।

ট্রাম্প বলেন, ‘আমি এমন একটি স্থায়ী চুক্তি করতে চাই, যাতে চার, ১৫ বা ২০ বছর পর যদি কোনো অযোগ্য প্রেসিডেন্টও ক্ষমতায় আসেন, তবুও তিনি যেন তা পরিবর্তন করতে না পারেন।’

তিনি আরো বলেন, ভবিষ্যতের কোনো প্রশাসনকে আগের অবস্থান থেকে সরে এসে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের অনুমতি দিতে দেবেন না তিনি।

তেহরানে শাসন পরিবর্তনের বিষয়ে ওয়াশিংটনের কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার প্রশাসন ইতোমধ্যে ইরানের বেশ কয়েকটি নেতৃত্বের সাথে কাজ করেছে।

তিনি আরো বলেন, ‘আমরা এখন তৃতীয় একটি দলের সাথে কাজ করছি, তাই একে আপনারা চূড়ান্ত শাসন পরিবর্তন বলতে পারেন।’ 

ট্রাম্প আরো যোগ করেন, বর্তমান নেতৃত্ব হয়তো ‘তুলনামূলকভাবে কিছুটা যুক্তিবাদী’। তবে তাদের সাথে আলোচনা করা এখনো বেশ কঠিন।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি