
চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের একটি সন্ত্রাসবিরোধী মিছিলে যুবলীগ মাইকে ঘোষণা দিয়ে হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি ভাঙচুর করা হয়।
হামলায় যুবদলের অন্তত ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে নানুপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ২০-৩০টি মোটরসাইকেল নিয়ে একটি সন্ত্রাসবিরোধী শোডাউন ও মিছিল বের করা হয়। মিছিলটি বিনাজুড়ী আমতলী ও কিপাইতনগর লম্বা টিলা বাজার প্রদক্ষিণ করে শাহী মুহাম্মদ চৌধুরী মসজিদ এলাকায় পৌঁছালে হামলার শিকার হয়।
হামলার শিকার নেতাকর্মীদের অভিযোগ, ওই সময় মাইকে ‘এলাকায় ডাকাত ঢুকেছে’ বলে ঘোষণা দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের একদল কর্মী মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং আরো কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও লুটপাট করে।
এ ঘটনায় আহতদের মধ্যে আজিজ, হোসেন মঞ্জু, আকিব, ইয়ামিন ও বখতিয়ারের নাম জানা গেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে, হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ঘটনার প্রতিবাদে বিএনপি ও যুবদলের শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিমের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
অপরদিকে, ঘটনার পর বিকেলে স্থানীয় যুবলীগ কর্মী নুরুল করিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে তার উপর হামলার পাল্টা অভিযোগ তুলে নিজের নিরাপত্তার জন্য আকুতি জানান।
এ বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ নয়া দিগন্তকে জানান, খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) মোতায়েন করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









