
ডাকসু ভিপি সাদেক কায়েম বলেছেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের গণআন্দোলন গড়ে তুলতে হবে। একই সাথে ক্যাম্পাসে হানাহানি ও মারামারির রাজনীতি যেন আর ফিরে না আসে, সেই জন্য শিক্ষার্থীদের উদ্যোগী হতে হবে।’
শনিবার (৩১ অক্টোবর) রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।
সাদেক কায়েম বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন, আপনাদের কাছে জানতে চাই, এখানে কি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে? না। আমাদের প্রত্যাশা ছিল, জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হবে এবং ছাত্ররা ছাত্র সংসদকে কেন্দ্র করে নেতৃত্ব পাবে।’
তিনি বলেন, ‘সেই আলোকে ডাকসু দিয়ে শুরু হয়েছিল, যবিপ্রবি পর্যন্ত হয়েছে। পরবর্তীতে দুটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছিল। সেগুলো হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।’
ওই দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধের জন্য বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীরা নির্বাচন কমিশনের সামনে বাধা সৃষ্টি করে নির্বাচন বন্ধ করে দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। সাদেক কায়েম বলেন, ‘বিএনপি সরকার হলো গণতন্ত্রহীনতার ইতিহাস। তারা মুখে গণতন্ত্রের কথা বলে, যখন ক্ষমতায় যায়, তখন গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে।’
ডাকসুসহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘ডাকসুতে এবং সকল ছাত্র সংসদ নির্বাচনে আমরা ছাত্রশিবির সমর্থিত প্যানেল যে পরিমাণ ভোট পেয়েছি, অন্য কোনো ছাত্র সংসদ নির্বাচনে এত ভোট আর কেউ পায়নি। আমরা নির্বাচিত হওয়ার পরে প্রমাণ করেছি কীভাবে কথা ও কাজের মধ্যে মিল রাখতে হয়, কীভাবে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হয়। একই সঙ্গে ক্যাম্পাসকে কীভাবে ভায়োলেন্স ফ্রি, মারামারি-হানাহানিমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে হয়, সেটা আমরা করে দেখিয়েছি।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘এই ক্যাম্পাসে আর কখনো যেন হানাহানি, মারামারির রাজনীতি ফিরতে না পারে, সে জন্য আপনাদের উদ্যোগী হতে হবে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর নিরাপত্তা আপনাদের নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ছাত্র সংসদ নির্বাচন যেন হয়, সে জন্য গণ আন্দোলন গড়ে তুলতে হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








