নিহত শ্রমিক বারেক মিয়া
নিহত শ্রমিক বারেক মিয়া। নয়া দিগন্ত
ads

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ডাউকি নদীতে বালু তুলতে গিয়ে সেই বালুর নিচে চাপা পড়ে বারেক মিয়া (৪৫) নামে এক পাথরশ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে জাফলংয়ের ডাউকি নদীর নয়াবস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বারেক মিয়া গোয়াইনঘাট উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের বাউর ভাগ হাওর (বাংলাবাজার) এলাকার জংসের মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালেও জীবিকার তাগিদে ডাউকি নদীতে বালু তুলতে যান বারেক মিয়া। নদীতে কাজ করার সময় আকস্মিকভাবে প্রায় ১৫ হাত পানির নিচে বালুর স্তূপ ধসে পড়ে। এতে তিনি বালুর নিচে চাপা পড়ে নিখোঁজ হন।

পরে স্থানীয় অন্য শ্রমিক ও উদ্ধারকারীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিহতের স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। জীবিকার তাগিদে পাথর তুলতে গিয়ে এমন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।