আগুন,  ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, বাহারাইন,
আগুন। সংগৃহীত
ads

ইরানের এক হামলায় বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় আগুন ধরে গেছে। অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (ফিফথ ফ্লিট) আবাসস্থল বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক অবস্থানগুলোতে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর থেকে আঞ্চলিক শত্রুতা বৃদ্ধির সর্বশেষ ঘটনা এটি। তখন থেকেই উপসাগরীয় আরব দেশগুলো এই সংঘাতে জড়িয়ে পড়েছে এবং অঞ্চলজুড়ে দফায় দফায় ইরানি হামলা চলছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছে, শিল্প স্থাপনাটির আগুন নিয়ন্ত্রণে বেসামরিক প্রতিরক্ষা দল কাজ করছে। তবে স্থাপনাটির অবস্থান বা ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে বিস্তারিত কিছু না জানিয়েই বাসিন্দাদের নিকটস্থ নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়ে সতর্কতা জারি করেছিল বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে পরিস্থিতি স্বাভাবিক (অল-ক্লিয়ার) ঘোষণা করা হলেও কিছুক্ষণ পর দ্বিতীয় দফায় আবারও সতর্কতা জারি করা হয়।

পরে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের বেশ কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করেছে। হামলা প্রতিহত করার সময় ছিটকে পড়া ধ্বংসাবশেষে (শ্র্যাপনেল) বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি বলে জানায় বাহিনীটি। পাশাপাশি তারা অভিযোগ করে যে, তেহরান বাহরাইনের প্রতি তাদের 'পরিকল্পিত বৈরী আচরণ' অব্যাহত রেখেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-তে প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, 'চলমান আগ্রাসন এবং ইরানের আকাশসীমা বারবার লঙ্ঘনের প্রতিশোধ হিসেবে' তাদের মহাকাশ বাহিনী বাহরাইনের আল-রিফা এবং আওয়ালি ঘাঁটিতে মার্কিন অবস্থানগুলো লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

বিপ্লবী গার্ড বাহিনীর এই দাবির বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েকটি ইরানি আকাশ হামলা প্রতিহত করার কথা জানিয়েছে বাহরাইন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই উপসাগরীয় আরব দেশগুলো তেহরানের ধারাবাহিক হামলার শিকার হচ্ছে।


সূত্র : রয়টার্স