
ঢাকার আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের লাঠির আঘাতে বাবা নূর মোহাম্মদ সরকারের নিহতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ছেলে মিরাজ হোসেন লিটনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) সকালে আশুলিয়া থানার এসআই মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, ভোরে আশুলিয়ার কুরগাঁও পুরাতন পাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নূর মোহাম্মদ আশুলিয়ার কুরগাঁও পুরাতন পাড়ার ২ নম্বর গলিতে বসবাস করতেন। তিনি পেশায় একজন শরবত বিক্রেতা ছিলেন। অভিযুক্ত ছেলে মিরাজ মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে নূর মোহাম্মদের চিৎকার শুনে তার বাসায় যান স্থানীয়রা। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মিরাজকে আটক করে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধারসহ মিরাজকে আটক করে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, পারিবারিক কলহ কিংবা তুচ্ছ কোনো বিষয়কে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে মিরাজ তার বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন। প্রাথমিক অবস্থায় বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এসআই মোয়াজ্জেম বলেন, ‘আমরা বিস্তারিত জানার চেষ্টার করছি। আপাতত লাশ ও ঘাতক ছেলেকে থানায় নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








