বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি, বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান, ফাহিম সিনহা, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল, বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান, গেম ডেভেলপমেন্ট কমিটি, তামিম ইকবাল, সিরাজউদ্দিন আলমগীর, শাহনিয়ান তানিম, জাতীয় দলের কার্যক্রম, ক্রিকেটারদের চুক্তি, নির্বাচক
ফাহিম সিনহা। সংগৃহীত
ads

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন ফাহিম সিনহা। সবকিছু ঠিক থাকলে গুরুত্বপূর্ণ এই বিভাগের দায়িত্ব বর্তাবে তার কাঁধে। বর্তমানে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের পাশাপাশি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গত জুনে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির নতুন বোর্ড গঠিত হয়। এরপর কয়েক মাস পেরিয়ে গেলেও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে স্থায়ীভাবে কাউকে নিয়োগ দেয়া হয়নি। এতদিন বিসিবি সভাপতি তামিম ইকবাল নিজেই বিভাগটির দায়িত্ব সামলাচ্ছিলেন।

তবে সাম্প্রতিক সময়ে তার ব্যস্ততা বেড়ে যাওয়ায় বিভাগটির জন্য স্থায়ী চেয়ারম্যান নিয়োগের উদ্যোগ নিয়েছে বোর্ড। নতুন চেয়ারম্যান হিসেবে ফাহিম সিনহার নামই এখন আলোচনায় এগিয়ে। 

বিসিবির শীর্ষ পর্যায়ের এক পরিচালক একটি অনলাইন পোর্টালকে জানায়, গুরুত্বপূর্ণ এই বিভাগের দায়িত্ব দেয়ার জন্য যোগ্য ব্যক্তি খুঁজছে বোর্ড। সে বিবেচনায় ফাহিম সিনহার নাম এসেছে আলোচনায়।

বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গেম ডেভেলপমেন্ট কমিটির কাজেও সক্রিয় ফাহিম। তবে ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব পেলে তাকে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের পদ ছাড়তে হবে বলে জানা গেছে।

এদিকে গেম ডেভেলপমেন্ট কমিটির নতুন চেয়ারম্যান নিয়েও আলোচনা চলছে। এই দায়িত্ব নেয়ার জন্য সিরাজউদ্দিন আলমগীরকে প্রস্তাব দেয়া হলেও তিনি রাজি হননি। ফলে কমিটির চেয়ারম্যান হিসেবে শাহনিয়ান তানিমের নাম বিবেচনায় রয়েছে বলে বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে।

ক্রিকেট পরিচালনা বিভাগ বিসিবির অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি। জাতীয় দলের কার্যক্রম, ক্রিকেটারদের চুক্তি, নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সাথে সমন্বয়সহ দেশের ক্রিকেটের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে এ বিভাগের ভূমিকা রয়েছে।