
সন্ধ্যা নামতেই বাড়ছে শীতের অনুভূতি। আর শীতকে সামনে রেখে চরফ্যাশন সদরের লেপ-তোশকের দোকানগুলোতে শুরু হয়েছে কর্মব্যস্ততা। তুলা, কাপড় আর সুই-সুতার ছোঁয়ায় তৈরি হচ্ছে নতুন নতুন লেপ।
সুমন বেডিংয়ে সরেজমিনে দেখা যায়, দোকানজুড়ে লেপ তৈরির কর্মযজ্ঞ। কোথাও কাপড় মাপা হচ্ছে, কোথাও তুলা বিছিয়ে কাঠামো তৈরি হচ্ছে, আবার কোথাও চলছে নিখুঁত সেলাই। একপাশে স্তূপ করে রাখা কাপড় ও তুলার বস্তা।
দক্ষ কারিগর শরীফ হোসেন বলেন, ‘শীত এলেই কাজের চাপ বেড়ে যায়। এখন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। কাপড়ের মাপ, তুলা বিছানো, সেলাই— সব কাজই যত্ন নিয়ে করতে হয়। কাজ বাড়লে আয়ও কিছুটা বাড়ে।’
আরেক কারিগর শফিক বলেন, ‘তুলা সমানভাবে না বিছালে লেপ ভালো হয় না। সেলাইও হতে হয় নিখুঁত। ক্রেতার পছন্দমতো লেপ বানাতে পারলে ভালো লাগে।’
দোকান মালিক সেলিম বলেন, ‘শীত আমাদের ব্যবসার প্রধান মৌসুম। কেউ নতুন লেপ বানাতে আসেন, কেউ পুরোনো লেপ মেরামত করতে দেন। ক্রেতার সামর্থ্য ও পছন্দ অনুযায়ী বিভিন্ন মান ও দামের লেপ তৈরি করি। এবার ভালো বেচাকেনার আশা করছি।’
ক্রেতা সাইফুল ইসলাম রুবেল বলেন, ‘পরিবারের জন্য ভালো মানের লেপ বানাতে এসেছি। নিজের পছন্দে বানানো লেপ দীর্ঘদিন ব্যবহার করা যায়।’
আধুনিক কম্বলের ভিড়েও অনেক পরিবারে লেপের চাহিদা এখনো আছে। শীত যত বাড়বে, কারিগরদের ব্যস্ততাও তত বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









