প্রথম ৫ টেস্টেই ইতিহাসের দুয়ারে হৃদয়, সেঞ্চুরিয়নে অপেক্ষা নতুন রেকর্ডের
সেঞ্চুরিয়নে নতুন রেকর্ডের অপেক্ষায় তাওহীদ হৃদয়। ফাইল ছবি
ads

টেস্ট ক্যারিয়ারের শুরুটা যেন স্বপ্নের মতো কাটছে তাওহীদ হৃদয়ের। প্রথম চার টেস্টেই ৫৩৮ রান, সিলেটে ডাবল সেঞ্চুরি, এরপর জোহানেসবার্গে শতক। এবার সেঞ্চুরিয়নে আরেকটি বড় ইনিংস খেলতে পারলে টেস্ট ইতিহাসের পাতায় নিজের অবস্থান আরো উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ তার সামনে।

প্রথম চার টেস্টে হৃদয়ের চেয়ে বেশি রান করেছেন ইতিহাসের মাত্র ছয় ব্যাটার। তালিকায় তার ওপরে আছেন সুনীল গাভাস্কার (৭৭৪), এরপর যথাক্রমে—জর্জ হেডলি (৭০৩), কনরাড হান্ট (৫৭৭), জাভেদ মিয়াঁদাদ (৫৭৩), কামিন্দু মেন্ডিস (৫৫৩) ও বিনোদ কাম্বলি (৫৪৪)। 

৫৩৮ রান নিয়ে এই তালিকার সাত নম্বরে আছেন বাংলাদেশের এই ব্যাটার। এখন সেঞ্চুরিয়নে দুই ইনিংস মিলিয়ে ৭০ রান করতে পারলেই প্রথম পাঁচ টেস্টের রানসংখ্যায় ডন ব্র্যাডম্যানকে পেছনে ফেলার সুযোগ পাবেন হৃদয়। 

একই সময়ে ব্যাটিং করা কামিন্দু মেন্ডিস, হ্যারি ব্রুক ও ডেভন কনওয়ের রানসংখ্যাকেও ছাড়িয়ে যেতে তার প্রয়োজন ৯৪ রান। জর্জ হেডলিকে পেছনে ফেলতে লাগবে ১৭৬ রান।

তবে সবচেয়ে বড় লক্ষ্য সুনীল গাভাস্কারের রেকর্ড। ক্যারিয়ারের প্রথম পাঁচ টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ডটি নিজের করে নিতে সেঞ্চুরিয়নে হৃদয়কে করতে হবে ২৯৪ রান। দুই ইনিংসে এমন সংগ্রহ কঠিন হলেও সাম্প্রতিক পারফরম্যান্সে অসম্ভব বলা যাচ্ছে না।

প্রথম দুই টেস্টে অবশ্য হৃদয়ের ব্যাট হাসেনি। অভিষেক টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ৩ ও ৯ রান করেন। এরপর মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার সংগ্রহ ৪২ ও ০। চার ইনিংসে মোট ৫৪ রান। দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ফেরার পর তার টেস্ট সামর্থ্য নিয়ে সমালোচনাও হয়েছিল।

কিন্তু মুমিনুল হকের চোট হৃদয়ের সামনে সুযোগ খুলে দেয়। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেয়ে খেলেন অবিশ্বাস্য এক ইনিংস। ১১ ছক্কায় অপরাজিত ২৪২ রান করে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংসের রেকর্ড গড়েন। 

টেস্টে এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নেন তিনি। মাত্র একটি ছক্কার জন্য বিশ্ব রেকর্ড হাতছাড়া হলেও তার ইনিংসটি বদলে দেয় ক্যারিয়ারের গতিপথ।

পরের টেস্টে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাবাদা ও ইয়ানসেনের মতো বোলারদের সামলে শতক তুলে নেন হৃদয়। চার টেস্টে ৫৩৮ রান, দুই টেস্টে টানা বড় ইনিংস—সব মিলিয়ে এখন তাকে ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।

জোহানেসবার্গ ও প্রিটোরিয়া কাছাকাছি হওয়ায় দুই ম্যাচের মাঝে হোটেলও বদলাতে হয়নি বাংলাদেশ দলকে। পরিচিত পরিবেশ ও কন্ডিশনে সেঞ্চুরিয়নে নামবেন হৃদয়। প্রথম চার টেস্টে তার দারুণ পারফরম্যান্সের পর এবার পঞ্চম টেস্টে নতুন ইতিহাসের হাতছানি।