
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন বাংলাদেশী নাগরিক ও একজনবাংলাদেশী বংশোদ্ভূত ভারতীয় নাগরিক রয়েছেন।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের বিত্তিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬১/৬-এস থেকে আনুমানিক ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তর থেকে চারজনকে আটক করা হয়। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটকদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী বাংলাদেশী নাগরিক ও একজন বাংলাদেশী বংশোদ্ভূত ভারতীয় নাগরিক ছিলেন।
আটক বাংলাদেশী দুই পুরুষ হলেন— নড়াইল সদর উপজেলার দেবীপুর গ্রামের কালিপদ সরকারের ছেলে সুপাল সরকার (৩৫) ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নগরচাপরাইল গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪)।
এছাড়া আটক বাংলাদেশী বংশোদ্ভূত ভারতীয় নাগরিক হলেন ভারতের উত্তর ২৪ পরগনা জেলার এয়ারপোর্ট থানার বীরহাটি গ্রামের শরিফুল মীরের ছেলে রাহুল মীর (২১)। তার বাংলাদেশী ঠিকানা খুলনা জেলার দিঘলীয়া থানার কুলা গ্রাম।
বিজিবি সূত্রে আরো জানা যায়, আটক চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









