
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের ওপর ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলা উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে এ ধরনের হামলার ঘটনা বেড়েছে ৩৫০ শতাংশ। চিকিৎসাকর্মীরা এখন রোগীর কাছে পৌঁছাতে গিয়ে হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হচ্ছেন। এমনকি চিকিৎসাকর্মী হিসেবে স্পষ্ট পরিচয় বহন করলেও রেহাই মিলছে না।
ইসরাইলের মানবাধিকার সংগঠন ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরাইলের (পিএইচআরআই) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আল জাজিরা সোমবার (২৩ নভেম্বর) আরো জানায়, সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, জরুরি চিকিৎসাসেবা দিতে যাওয়ার সময়ও ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলা, হুমকি ও ভয়ভীতি মোকাবিলা করতে হচ্ছে চিকিৎসাকর্মীদের।
প্রতিবেদনে সাক্ষাৎকার দেয়া একজন চিকিৎসাকর্মী নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, ‘আমি আহত ব্যক্তিটির খুব কাছে দাঁড়িয়ে ছিলাম। সহজেই তার কাছে পৌঁছাতে পারতাম। কিন্তু সেনারা আমাকে বাধা দেয়। লোকটি রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। একপর্যায়ে তিনি মারা যান। এরপরই সেনারা সরে যায়। তখন আমরা তার কাছে পৌঁছাতে পারি।’
সাক্ষাৎকারে অংশ নেয়া চিকিৎসাকর্মীরা শারীরিক হামলা, বন্দুকের মুখে হুমকি, গালিগালাজ এবং অপমানজনক তল্লাশির শিকার হওয়ার কথা জানিয়েছেন। তাদের সবাই বলেছেন, সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। কখন তাদের আটকে দেয়া হবে, হামলা করা হবে কিংবা রোগীর কাছে পৌঁছাতে বাধা দেয়া হবে—এ নিয়ে উদ্বেগ কাজ করে।
একজন অ্যাম্বুলেন্সচালক বলেন, ‘প্রতিটি ফোনকলই ঝুঁকি নিয়ে সাড়া দেয়ার বিষয়। আর প্রতিবার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে হয়, হয়তো আর ফিরে আসতে পারব না।’
পিএইচআরআইয়ের প্রতিবেদনে এমন কিছু ঘটনার কথাও উঠে এসেছে, যেখানে চিকিৎসাকর্মীরা নিজেরাই হামলা ও হুমকির মুখে থেকেও রোগীদের চিকিৎসা দিতে বাধ্য হয়েছেন। অর্থাৎ, আহত ও অসুস্থ মানুষের কাছে জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করতে গিয়েও তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









