
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ উৎপাদন ও বাজারজাতের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল দুধ তৈরির বিপুল পরিমাণ উপকরণসহ ৩২০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার কৈডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ভেজাল দুধ জব্দ করা হয় এবং দুই ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়।
জেলা এনএসআই, পাবনার গোপন তথ্য ও সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫২ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— কৈডাঙ্গা গ্রামের আবুল বাশার ও মো: সবুজ। তাদের মধ্যে আবুল বাশারকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। অপরদিকে মো: সবুজকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
অভিযানকালে ভেজাল দুধ তৈরিতে ব্যবহৃত দুই হাজার ৭০০ লিটার জেলি, ২০০ কেজি সয়াবিন ও ৩২০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এ বি এম লুৎফুল কবিরের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল, ভাঙ্গুড়ার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল ইসলাম ও ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








