পবায় বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা
ছুরিকাঘাতে নিহত কৃষক আবুল কালাম আজাদ। ফাইল ছবি

রাজশাহীর পবায় নিজ বাড়ির ছাদে মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৫) নামে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

Advertisement

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে পবা থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। 

এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়ায় নিজ বাড়ির ছাদে তিনি হত্যার শিকার হন।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন গণমাধ্যমকে জানান, নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ঘটনার সময় বাড়িতে শুধু নিহতের স্ত্রী ছিলেন। তবে ঘটনার বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। কারা, কী কারণে এবং কীভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি আব্দুল মতিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পবা থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।