
ময়মনসিংহের তারাকান্দায় কাভার্ডভ্যানের চাপায় আরবিয়া (৮) ও রাবিয়া (৬) নামে দুই বোন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ময়মনসিংহ-ফুলপুর আঞ্চলিক মহাসড়কের পশ্চিম তালদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরবিয়া ও রাবিয়া ওই এলাকার মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ফাতেমা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় মায়ের পিছু নিয়ে দুই বোন তালদিঘী মডেল মসজিদের সামনে পর্যন্ত যায়। পরে মা তাদের বাড়ি ফিরে যেতে বলেন। মায়ের কাছ থেকে কিছুটা দূরে যেতেই দ্রুতগতির একটি নীল-হলুদ রঙের কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চালক কাভার্ডভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে গাড়িটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
তারাকান্দা থানার ওসি মো: আবদুর রাশিদ বলেন, ‘কাভার্ডভ্যানটি শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








