
নিজস্ব প্রতিবেদক
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে, সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিবাদ সমাবেশ, মিছিল, আলোচনা সভা, বিজয় র্যালি এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম।
গতকাল রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা, অশান্তি ও বিশৃঙ্খলার নেপথ্যে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের রায় উপেক্ষা করে সরকারের একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতা থেকেই সঙ্কটের সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশায় রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছিল। সনদে স্বাক্ষরের পর গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে রায় দিয়েছেন। কিন্তু ক্ষমতাসীন দল সেই গণরায় উপেক্ষা করছে। জনগণের প্রত্যাশার প্রতি সরকারের এমন অবস্থান রাজনৈতিক আস্থার সঙ্কট তৈরি করেছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২১ নভেম্বর ঢাকায় সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করবে জামায়াত। বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ২৫ নভেম্বর ঢাকা ছাড়া দেশের ১১টি মহানগরে একই দাবিতে সমাবেশ ও মিছিল করবে দলটি। একই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় মানববন্ধন করবে জামায়াতের মহিলা বিভাগ।
২৬ নভেম্বর জেলা সদরে একই দাবিতে সমাবেশ ও মিছিলের আয়োজন করা হবে। ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সাথে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা করবে দলটি। ৩০ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিল। এ ছাড়া ২ ডিসেম্বর পোশাকশিল্পের অস্থিরতা ও সঙ্কট সমাধানে আলোচনা সভা, ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা করবে জামায়াত। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা এবং ১৩ ডিসেম্বর ব্যবসায়ী সম্মেলনের আয়োজন করা হবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করবে দলটি। মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর রাজধানীসহ সারা দেশে বিজয় র্যালি আয়োজন করা হবে।
কর্মসূচির অংশ হিসেবে ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া, ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা, ২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৬ থেকে ৩১ ডিসেম্বর সারা দেশে রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা দেয়ার কর্মসূচি পালন করবে দলটি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি); মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি ড. রেজাউল করিম; কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি মো: দেলাওয়ার হোসেন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








