অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলন দমনে শিল্পীদের নিয়ে গঠিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ এর অন্যতম এডমিন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করা হয়েছে। এই গ্রুপ থেকে ২৪ সালে জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের আক্রমণ ও শিক্ষার্থীদের উপর গরম পানি দিয়ে ঝলসে দেয়ার উসকানি দেয়া হয়েছিল।
জ্যোতিকা জ্যোতি আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। তিনি দলের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য। ২০১৬ সালে ময়মনসিংহ-৩ আসনের উপনির্বাচন এবং ২০১৮ সালের  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে কোনোবারই মনোনয়ন পাননি। তার আটকের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল জানায়, রাজধানীর উত্তরা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উত্তরা বিভাগের একটি দল বুধবার রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
নিয়াজ মেহেদী জানান, জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে মামলা রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। নাশকতামূলক কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে মামলার বিস্তারিত তথ্য কিংবা সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।  ২০২৫ সালের ৩ মে ভাটারা থানায় মামলাটি করা হয়। এতে দণ্ডবিধির ১৪৩, ১৪৯, ৩২৬, ৩০৭, ৩৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে এক দফা দাবিতে আন্দোলন করছিলেন ছাত্র-জনতা। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালান বলে অভিযোগ করা হয়েছে। 
প্রসঙ্গত, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগপন্থী কয়েকজন শিল্পীর হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ এর সদস্য ছিলেন জ্যোতিকা জ্যোতি। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে আন্দোলনকারী শিার্থী ও তাদের সমর্থন জানানো কয়েকজন অভিনয়শিল্পী ও নির্মাতাকে নিয়ে নেতিবাচক মন্তব্যের বিষয়টি সামনে আসে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন গ্রুপের সদস্যরা। পরে ফেসবুক লাইভে এসে জ্যোতি দাবি করেন, ওই গ্রুপে থাকার উদ্দেশ্য দেশের বা মানুষের তি করা ছিল না। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্য সেখানে জানাতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যাকে সমর্থন করতে পারেন না বলেও মন্তব্য করেছিলেন এই অভিনেত্রী।
আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন জ্যোতি। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সেপ্টেম্বরে কর্মস্থলে গেলে সহকর্মীদের একাংশের প্রতিবাদের মুখে পড়েন তিনি। পরে ওই বছরের ৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।