
শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলার নড়িয়া ও শরীয়তপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায়, ঢাকা-শরীয়তপুর মহাসড়কের পাশে বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও শিক্ষকরা।
শুক্রবার বিকেল ৫টায় ঢাকা-শরীয়তপুর মহাসড়কের শরীয়তপুর সদর ও নড়িয়া উপজেলার সীমান্তবর্তী নশাসন এলাকায় কীর্তিনাশা নদীর সেতুসংলগ্ন স্থানে এ উপলক্ষে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে শরীয়তপুর জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে প্রায় পাচ শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাস হওয়ার পর সদর উপজেলার ডোমসার ও নড়িয়া উপজেলার নশাসন এলাকাকে বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনায় নেয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি ওই স্থানগুলো বাদ দিয়ে জেলার ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করা হয়েছে। এলাকাটি জেলার এক প্রান্তে অবস্থিত হওয়ায় শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতে ভোগান্তি বাড়বে।
বক্তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করতে আসবেন। তাদের আবাসন, চিকিৎসা, টিউশনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে এবং জেলার সব উপজেলার মানুষের যাতায়াত ও সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে শরীয়তপুর সদর অথবা এর আশপাশে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হলে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বেশি উপকৃত হবেন। তাই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণের ক্ষেত্রে জেলার সর্বস্তরের মানুষের সুবিধা, যোগাযোগব্যবস্থা, আবাসন ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোর বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করে সদর অথবা এর আশপাশে বিশ্ববিদ্যালয়টি নির্মাণের অনুরোধ জানান বক্তারা।
মানববন্ধন কর্মসূচিতে শরীয়তপুর সদর, নড়িয়া ও জাজিরা উপজেলার পাঁচ শতাধিক সাধারণ মানুষ, শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








