ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, নাজমুল হক ডিকেন
ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু। সংগৃহীত

রক্তশূন্যতায় অসুস্থ হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হওয়া ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে।

Advertisement

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে অ্যাম্বুলেন্সে তাকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নেয়া হয়। সেখান থেকে বিমানে ঢাকায় নিয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি) চিকিৎসা দেয়ার কথা রয়েছে।

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত কয়েক দিন ধরেই অসুস্থতাবোধ করছিলেন ভূমিমন্ত্রী। গতকাল বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার অংশ হিসেবে তাকে তিন ব্যাগ রক্ত দেয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার সিদ্ধান্ত হয়।

অসুস্থতার মধ্যেও দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন ভূমিমন্ত্রী। হাসপাতালের শয্যায় থেকেও রাজশাহীর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিজ নিজ দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন বলে জানা গেছে। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ভূমিমন্ত্রীকে দেখতে রামেক হাসপাতালে ছুটে যান বিএনপির জেলা ও মহানগর পর্যায়ের নেতারা এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল বুধবার রাতে মহানগর জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরাও হাসপাতালে তাকে দেখতে যান। এ সময় তারা মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।