যুবদল, দুর্বৃত্ত, ফার্মেসি, নিহত
নিহত যুবদল নেতা জহির রহমান ফকির। নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় জহির রহমান ফকির (৫০) নামে এক যুবদল নেতা খুন হয়েছেন।

Advertisement

বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার সম্ভুরায় ইউনিয়নের চর কিশোরগঞ্জ বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত জহির উপজেলার আড়াইহাজার কালাপাহাড়িয়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। তিনি কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক হত্যার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ‘নিহত জহিরের বাড়ি আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নে হলেও তিনি দীর্ঘ ১২ বছর ধরে পরিবার নিয়ে মুন্সিগঞ্জ সদর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সোনারগাঁওয়ে সম্ভুরায় ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকায় তার একটি ফার্মেসি রয়েছে।’

প্রাথমিক তদন্তের তথ্য উল্লেখ করে ওসি বলেন, ‘বুধবার রাতে ফার্মেসি বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সড়কের পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

নিহতের ভাগিনা মো: ইসমাইল হোসেনের অভিযোগ, ‘কালাপাহাড়িয়া এলাকার মোবারক হোসেন ও তার লোকজন আমার মামাকে হত্যা করেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমার মামা নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। মোবারক হোসেনও চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দেন। এ কারণে প্রথম থেকে মামাকে মোবারক হোসেন হুমকি দিয়ে আসছেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো।’

আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম বলেন, ‘জহির যুবদলের ত্যাগী নেতা ছিলেন। তার বাসা কালাপাহাড়িয়া হলেও সে মুন্সিগঞ্জে বসবাস করতো। হঠাৎ খবর পেলাম ১৫-২০ জনের কোনো একটা গ্রুপ তাকে হত্যা করেছে।’

এদিকে হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি মহম্মদ আব্দুল বারিক। তিনি বলেন, ‘পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেয়া হয়নি।’