ডোনাল্ড  ট্রাম্প, দাবি, ইরান যুদ্ধ. শেষ করা, দীর্ঘদিন,
ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে যুদ্ধ এখনই শেষ করতে পারে যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধ শেষ করলেই চলবে না, এর ফলও দীর্ঘদিন ধরে রাখতে চান তিনি।

Advertisement

আনদোলু বৃহস্পতিবার (২২ অক্টোবর) জানায়, বুধবার সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। আমরা এখনই চলে যেতে পারি। তবে আমরা চাই, এর ফল যেন দীর্ঘদিন বজায় থাকে।’

ট্রাম্পের দাবি, সামরিক ও অর্থনৈতিক—দুই দিক থেকেই ইরানকে হারিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, তেহরান ‘কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।’

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধের কথাও বলেন ট্রাম্প। প্রণালীটির নাম বদলে ‘ট্রাম্প প্রণালী’ রাখার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমরা মেক্সিকো উপসাগরের নাম বদলেছি। তাহলে হরমুজ প্রণালীর নাম বদলাতে পারব না কেন?’

ট্রাম্পের এই বক্তব্যের মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলার পরিকল্পনার খবর দিয়েছে নিউইয়র্ক টাইমস। সংবাদপত্রটির খবর, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক বাহিনী এ ধরনের হামলার পরিকল্পনা তৈরি করেছে। এ বিষয়ে জানেন, এমন কয়েকজন মার্কিন কর্মকর্তা ও অন্য ব্যক্তির বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে পত্রিকাটি।

তবে ট্রাম্প এসব হামলার অনুমতি দেবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। চলতি বছর ইরানে বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করার বিভিন্ন পরিকল্পনায় তিনি বারবার আপত্তি জানিয়েছেন বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

এ বিষয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা সংবাদপত্রটিকে বলেন, ‘যেসব সামরিক পরিকল্পনা আদৌ আছে কি নেই, সেগুলো নিয়ে প্রশাসন মন্তব্য করে না।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে বিশ্বে জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেয় তেহরান।

পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। কিন্তু হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে সমঝোতা আর এগোয়নি।