ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বিএমইউ হাসপাতালে স্থানান্তর, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, নাজমুল হক ডিকেন, রক্তশূন্যতায় ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু। সংগৃহীত

ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সে তাকে ঢাকায় আনা হয়।

এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাকে বিমানবন্দরে নিয়ে যান পবা-মোহনপুর আসনের এমপি শফিকুল হক মিলন। এ সময় তিনি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন তথ্য জানান।

শফিকুল হক মিলন বলেন, রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়।

ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে শফিকুল হক মিলন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী থেকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলবে।

উল্লেখ্য, বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছিল। অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে দেখতে হাসপাতালে যান।