
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।
আল জাজিরা বৃহস্পতিবার (২২ অক্টোবর) জানায়, সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার এক বিবৃতিতে হতাহতের এ তথ্য জানিয়েছে। আহত আটজনকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে।
এর আগে বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির আরামকোর শাইবাহ তেলক্ষেত্রের একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করেছিল একটি ড্রোন। সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি ভূপাতিত করলে দুইজন নিহত হন।
হাউছি বাহিনী ও সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার সাথে সাথে সৌদি বিমানবন্দরগুলোতে একের পর এক হামলা হচ্ছে।
গত সপ্তাহে সৌদি সরকার জানায়, ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হন। এর আগের দিন, ১০ অক্টোবর, একই বিমানবন্দরে পৃথক হামলায় ১২ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হন বলে জানায় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
হাউছি হামলার মধ্যে বুধবার সৌদি আরবে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলো থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি মিশন থেকেও পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে।
একই দিন রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে হাউছিদের সম্ভাব্য আরো হামলার বিষয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








