নিহত যুবদল নেতা আবু কাউছার
নিহত যুবদল নেতা আবু কাউছার। নয়া দিগন্ত

কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো: আবু কাউছার হত্যার ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান দুই আসামি তৌহিদুল ইসলাম তৌহিদ ও তার ভাই তানজীরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement

রোববার (১৮ অক্টোবর) বিকেলে নিহত কাউছারের ভাই কবীর হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন— তৌহিদের বাবা খোরশেদ আলম, সাইফুল ইসলাম সুমন ও ফরহাদ হোসেন।

এদিকে, মামলার প্রধান দুই আসামি তৌহিদ ও তানজীরকে রোববার বিকেলে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরহাদ রায়হান ভূঁইয়া দুই ভাইয়ের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আরিফুল ইসলাম।

এর আগে, মামলা দায়ের নিয়ে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তোলেন নিহত কাউছারের স্বজনরা।

তাদের অভিযোগ, পুলিশ প্রথমে শুধু প্রধান অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নিতে চেয়েছিল। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরো দু’জনের নাম অন্তর্ভুক্ত করা নিয়ে স্বজনদের সাথে পুলিশের তর্কাতর্কি হয়। পরে পাঁচজনকে আসামি করে মামলাটি গ্রহণ করে পুলিশ। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, শুক্রবার (১৬ অক্টোবর) কুমিল্লা নগরীর গোমতী নদীর উত্তরপাড়ের ছত্রখিল এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন যুবদল নেতা কাউছার। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদুল ইসলাম তৌহিদকে শুক্রবার রাতে আটক করে পুলিশ। পরে তার ভাই তানজীরকেও আটক করা হয়।