
বরিশালের উজিরপুরে তিন কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ মো: সোহাগ ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এসআরবির প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।
এর আগে, শুক্রবার রাতে উপজেলার ইছলাদী টোল প্লাজার সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
এসআরবির ব্রিফিং জানানো হয়, শুক্রবার রাতে এসআরবি-৮-এর একটি আভিযানিক দল ইছলাদী টোল প্লাজার সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামানো হয়। বাসে তল্লাশির একপর্যায়ে সন্দেহভাজন সোহাগ ইসলামকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার শরীর তল্লাশি করে তিন কেজি ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার সোহাগ ইসলাম বরিশাল নগরের কোতোয়ালি থানার জব্বার মিয়া সড়কের বাসিন্দা মো: মতলেব প্যাদার ছেলে।
এসআরবি জানায়, উদ্ধার করা গাঁজাসহ সোহাগকে উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে এসআরবির গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








