
ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। গাদি আইজেনকোটের সাথে প্রধানমন্ত্রী পদ পর্যায়ক্রমে ভাগাভাগি করে নেয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘গাদি আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং মেয়াদের শুরুতে আমি বিকল্প প্রধানমন্ত্রী (অল্টারনেট প্রাইম মিনিস্টার) হিসেবে দায়িত্ব পালন করব।’
জবাবে আইজেনকোট কোনো সমঝোতায় পৌঁছানোর জন্য নেতানিয়াহু ও তার লিকুদ পার্টিকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন এবং প্রধানমন্ত্রীকে সরাসরি আলোচনা শুরু করার আমন্ত্রণ জানান। পরে উভয় নেতা রোববার আলোচনায় বসতে সম্মত হন।
শনিবার রাতে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোটের মধ্যে কথা হয়েছে। তারা স্থানীয় সময় রোববার সকাল ১০টায় ইসরাইলের উপকূলীয় শহর হার্জলিয়ার একটি হোটেলে বৈঠকে বসতে সম্মত হয়েছেন।
গত অক্টোবরের শেষ দিকে ইসরাইলে অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকোটকে।
এরপর থেকে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিভিন্ন দলকে নিয়ে জোট গঠনের চেষ্টা করছেন আইজেনকোট। তবে আরব-ইসরাইলি দলগুলোর সমর্থন নেয়ার বিরোধিতা এবং অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোকে জোটে আনতে প্রয়োজনীয় সমঝোতা—দুই দিক থেকেই তিনি চাপে রয়েছেন।
সূত্র : এএফপি, টাইমস অব ইসরাইল
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









