
ফেনী শহরের ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফাজিলপুরে ট্রেনে নাশকতার প্রস্তুতির অভিযোগে চার কলেজশিক্ষার্থীকে আটক করেছে আনসার সদস্যরা। এ সময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ছোট-বড় বেশকিছু ইটের টুকরো উদ্ধার করা হয়েছে।
আনসার সূত্র জানায়, রোববার (২৯ নভেম্বর) দুপুরে ফাজিলপুর রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরে রেলপথে টহল দেয়ার সময় তাদের আটক করা হয় বলে।
জেলা আনসার কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ঝুঁকিপূর্ণ রেলপথ ও রেলওয়ে স্টেশন এলাকায় সাধারণ আনসার ও ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতেও ব্যাটালিয়ন আনসার সদস্যদের টহল জোরদার করা হয়েছে।
তিনি জানান, রোববার দুপুরে আনসার সদস্যরা রেলপথে টহল দেয়ার সময় চার কিশোরকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান। পরে তাদের জিজ্ঞাসাবাদে কথাবার্তা অসংলগ্ন মনে হলে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ছোট-বড় বেশকিছু ইটের টুকরো জব্দ করা হয়। পরে আনসার সদস্যরা তাদের আটক করেন।
আটক চারজন হলেন— ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইমরান (১৭), ফরহাদনগর ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে মো: শাহেদ (১৮), ছনুয়া ইউনিয়নের টঙ্গিরপাড় গ্রামের মো: শাহাজানের ছেলে মো: শাকিল (১৮) ও একই ইউনিয়নের রাজনগর গ্রামের ইকরামুল হকের ছেলে মো: মহিন (১৮)। তারা সবাই ফেনীর ফাজিলপুর সাউথ ইস্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
জেলা আনসার কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম আরো জানান, আটক চার শিক্ষার্থীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









