জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর পরিচিতি সভা
জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর পরিচিতি সভা। নয়া দিগন্ত

নাটোরের লালপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সভায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যবসায়ী আবুল কালাম আজাদ ওরফে আজাদকে আনুষ্ঠানিকভাবে পরিচিত করান অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ।

সদর ইউনিয়ন আমির কামরুজ্জামান চঞ্চলের সভাপতিত্বে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর চিনি বটতলায় আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ‘ইউনিয়ন পরিষদ হচ্ছে সাধারণ মানুষের সবচেয়ে কাছের স্থানীয় সরকার প্রতিষ্ঠান। জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অসহায় মানুষের সরকারি সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে হলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে। সরকারি বরাদ্দের প্রতিটি টাকা যথাযথভাবে ব্যয় করতে হবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।’

সদর ইউনিয়ন সেক্রেটারি নাজমুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মুহাম্মদ আফজাল হোসেন, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু সাঈদ প্রমুখ।
 
অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।