
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে গ্যাসের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইন থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুর্ঘটনাকবলিত বাড়িটির কেয়ারটেকার রনি মিয়ার মৃত্যু হয়েছে। এতে করে একে একে ওই দুর্ঘটনায় দগ্ধ চারজনেরই মৃত্যু হলো।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে কেয়ারটেকার রনি মিয়ার মৃত্যু হয়। এর আগে, বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ২টায় বাড়ির গৃহকর্তার শ্যালক রিয়াজ, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে গৃহকর্তা শরীফ হোসেন (৩৪) ও স্ত্রী রোজিনা আক্তারের (৩০) মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার শুক্রবার সকালে তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, বিস্ফোরণে নিহত রোজিনার শরীরের ৬০ শতাংশ এবং শরীফ ও রিয়াজের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে বাড়ির তত্ত্বাবধায়ক রনি মিয়ার মৃত্যু হয়। এর আগে, বুধবার দিবাগত রাত ২টায় শ্যালক রিয়াজ, বৃহস্পতিবার ভোর পৌনে ৪টায় স্ত্রী রোজিনা ও ভোর ৪টায় স্বামী শরীফের মৃত্যু হয়।
উল্লেখ্য, শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে সোনারগাঁওয়ের কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম মিয়ার ‘ইসলাম টাওয়ার’ নামের ছয়তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে গ্যাস লাইনের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী শরীফ হোসেন, তার স্ত্রী রোজিনা আক্তার, শ্যালক রিয়াজ ও ওই বাড়ির তত্ত্বাবধায়ক রনি মিয়া দগ্ধ হন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








