
দিনাজপুরের ঘোড়াঘাটে ১৯৮ পিস ইয়াবাসহ জাকিরুল ইসলাম (৩৯) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দনপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জাকিরুল ইসলাম বুলাকীপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং কুলানন্দনপুর এলাকার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কুলানন্দনপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পুলিশ জাকিরুল ইসলামকে গ্রেফতার করলেও তার সাথে থাকা অজ্ঞাতপরিচয় দুই-তিনজন পালিয়ে যান। পরে তার পরিহিত লুঙ্গির ডান কোচ তল্লাশি করে একটি সাদা জিপারযুক্ত পলিব্যাগে রাখা ১৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, স্থানীয় লোকজনের উপস্থিতিতে বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজের কাছে রাখার কথা স্বীকার করেন জাকিরুল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, এ ঘটনায় জাকিরুল ইসলামসহ অজ্ঞাতপরিচয় আরো দুই-তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার জাকিরুল ইসলামকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








