গোপালগঞ্জ, ছাত্রদল,
আহত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির খান। নয়া দিগন্ত
ads

ঢাকা থেকে পিরোজপুরে ফেরার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির খানকে তুলে নিয়ে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তিনি।

অভিযোগ অনুযায়ী, জোরপূর্বক রাজনৈতিক বক্তব্যের ভিডিও ধারণ করে তার ফেসবুক আইডিতে প্রকাশ করা হয়েছে এবং এই ঘটনার নেপথ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত। বর্তমানে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী মোহাম্মদ সাব্বির খান মরহুম মো: আলকাস খানের ছেলে এবং তার গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়। 

বাসে পরিচয় জানার পর যা ঘটেছিল

সাব্বিরের অভিযোগ, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশে রওনা হন তিনি। পথে বাসে পাশের আসনে বসা এক ব্যক্তির সাথে কথোপকথনের একপর্যায়ে নিজের রাজনৈতিক পরিচয় দেন। ওই ব্যক্তি তার ফেসবুক পোস্ট দেখে ছাত্রদলের সাথে সম্পৃক্ততার বিষয়টি জানতে পারেন। পরে তিনি বাসের পেছনের দিকে গিয়ে মুঠোফোনে কারও সাথে কথা বলেন।

এর কিছুক্ষণ পর রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়। এ সময় প্রায় ২০ জনের একটি দল বাসে উঠে তাকে নামিয়ে নিয়ে যায়। তাদের কয়েকজনের কাছে অস্ত্র ছিল বলে অভিযোগ করেন সাব্বির। পরে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে লাঠি ও হকিস্টিক দিয়ে মারধর করা হয় এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

জোরপূর্বক ভিডিও ধারণ ও পালিয়ে আসা

তিনি আরো অভিযোগ করেন, হামলাকারীরা তার পিঠে অস্ত্র ঠেকিয়ে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিতে বাধ্য করেন। পরে সেই বক্তব্যের ভিডিও ধারণ করে তার নিজের ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয়। এ সময় তার মুঠোফোন ও পকেটে থাকা প্রায় ১৩ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।

একপর্যায়ে কৌশলে হামলাকারীদের কাছ থেকে পালিয়ে একটি মাঠ পেরিয়ে অন্য পথ দিয়ে মূল সড়কে ফিরে আসেন সাব্বির। পরে অন্য একটি বাসে করে পিরোজপুরের উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছালে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সি-অফিস চত্বর থেকে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

ছাত্রদল নেতাদের প্রতিক্রিয়া ও খোঁজখবর

খবর পেয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালে উপস্থিত হন। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভিডিও কলে সাব্বিরের খোঁজখবর নেন এবং তার প্রতি সমবেদনা জানান।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাব্বিরকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে বলেন, তার ওপর ঘটে যাওয়া ঘটনার বিচার করা হবে। তিনি সাব্বিরকে সুস্থ হয়ে ওঠার আহ্বান জানান এবং জেলা ছাত্রদলের নেতাকর্মীদের তার সার্বক্ষণিক খোঁজখবর রাখার নির্দেশনা দেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘সাব্বিরের ওপর এই আঘাত শুধু তার ব্যক্তিগত বিষয় নয়, এটি ছাত্রদলের ওপরও আঘাত।’ 

তিনি সাব্বিরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ঘটনার বিচার নিশ্চিত করার কথা জানান।

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, ‘গোপালগঞ্জে সাব্বিরকে বাস থেকে নামিয়ে মারধর, মুক্তিপণ দাবি ও জোরপূর্বক ফেসবুকে বক্তব্য প্রকাশের ঘটনায় তারা ক্ষুব্ধ। সাব্বিরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের নেতারাও তার খোঁজখবর নিয়েছেন। কেন্দ্রীয় নির্দেশনা পেলে তারা পরবর্তী কর্মসূচি গ্রহণ করবেন।’

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন বলেন, ‘ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং গণতন্ত্রে বিশ্বাসী। বাস থামানোর ঘটনায় বাসচালক কিংবা পরিবহনশ্রমিকদের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি তারা জানতে পেরেছেন। সাব্বির খান পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানতে পেরে পুলিশ পাঠিয়ে তার সাথে কথা বলা হয়েছে এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।