দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল, (ডানে) বিক্ষুব্ধ জনতার মহাসড়ক অবরোধ
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল, (ডানে) বিক্ষুব্ধ জনতার মহাসড়ক অবরোধ। নয়া দিগন্ত
ads

বরিশালের উজিরপুরে ইউনিক পরিবহনের বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

দুর্ঘটনায় বৃদ্ধের নিহতের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন বাসটি ভাঙচুর করে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম মো: সিদ্দিকুর রহমান সরদার (৭৫)। আহত ব্যক্তির নাম মো: রাহাত সরদার (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী ইউনিক পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সিদ্দিকুর রহমান মারা যান। আহত রাহাতকে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন বাসটিতে ভাঙচুর চালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় গৌরনদী হাইওয়ে পুলিশের একটি পিকআপকে ধাওয়া করার ঘটনাও ঘটে। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন যাত্রীরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহাসড়কের ইচলাদী থেকে গৌরনদীর জয়শ্রী পর্যন্ত যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করে। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানুর রহমান সেতু ও উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রকিবুল ইসলাম। প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।