অন্ধ্রপ্রদেশের মন্দিরে ২৭৯ কোটি টাকার স্বর্ণ দান করেন বর্ধমান জৈন দম্পতি
অন্ধ্রপ্রদেশের মন্দিরে ২৭৯ কোটি টাকার স্বর্ণ দান করেন বর্ধমান জৈন দম্পতি। সংগৃহীত
ads

ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরে একসাথে ১২১ কেজি স্বর্ণালংকার দান করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন চেন্নাইয়ের এক দম্পতি। বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৭৯ কোটি টাকা (২০৬ কোটি রুপি) মূল্যের এ বিশাল স্বর্ণের ভান্ডার দান করে আলোচনায় উঠে আসা ওই ব্যক্তির নাম বর্ধমান জৈন। তার এ মহৎ উদ্যোগে সঙ্গী হয়েছেন স্ত্রী রাধিকা জৈনও। তিরুমালা তিরুপতি দেবস্থানমসের (টিটিডি) ইতিহাসে একে অন্যতম বৃহৎ ও উল্লেখযোগ্য দান হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে স্বর্ণালঙ্কারগুলো মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেন বর্ধমান ও রাধিকা দম্পতি। দান করা বিশেষভাবে তৈরি ৪৬টি ঐতিহ্যবাহী গয়নার মধ্যে রয়েছে রাজকীয় মুকুট, হার, বাহুবন্ধ এবং কোমরের অলঙ্কার। এর মধ্যে বেশ কয়েকটি অলঙ্কারে মূল্যবান হীরাও খচিত রয়েছে।

স্বর্ণ দানের মাধ্যমে রাতারাতি আলোচনায় এলেও বর্ধমান জৈন মূলত একজন সফল বৈশ্বিক উদ্যোক্তা ও নিবেদিতপ্রাণ জনহিতৈষী। তিনি বিশ্বব্যাপী পরিচিত স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘অ্যাকসেস হেলথকেয়ার’-এর প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান। এছাড়া তিনি এশিয়া (চেন্নাই) ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মেধাবী এ উদ্যোক্তা চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে পরিসংখ্যানে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

১৯৯৭ সালে অনুরাগ জৈনের সাথে যৌথভাবে ‘ভিশন হেলথসোর্স’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার ব্যবসায়িক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটি মূলত চিকিৎসা বিলিং এবং স্বাস্থ্যবিমা দাবি ব্যবস্থাপনা নিয়ে কাজ করত। ২০০৩ সালে পেরট সিস্টেমস এবং ২০০৯ সালে ডেল পেরট সিস্টেমস অধিগ্রহণের পর বর্ধমান জৈন ডেল সার্ভিসেসের বৈশ্বিক বিজনেস প্রসেস আউটসোর্সিং কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন। সে সময় তার অধীনে প্রায় নয় হাজার কর্মী শতাধিক আন্তর্জাতিক গ্রাহক প্রতিষ্ঠানকে সেবা দিতেন।

পরবর্তী সময়ে তিনি ‘অ্যাকসেস হেলথকেয়ার’ প্রতিষ্ঠা করেন এবং অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং প্রযুক্তি যুক্ত করে এটিকে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রযুক্তি প্রতিষ্ঠানে রূপ দেন। তার এই সাফল্যের স্বীকৃতি মেলে ২০২৫ সালের জানুয়ারিতে; যখন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান ‘নিউ মাউন্টেন ক্যাপিটাল’ ১৫০ থেকে ২০০ কোটি ডলারের বিশাল বিনিয়োগে প্রতিষ্ঠানটির সংখ্যাগরিষ্ঠ মালিকানা অধিগ্রহণ করে।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সমাজসেবায়ও বর্ধমান জৈনের অবদান ব্যাপক। তিনি ‘শ্রী সরিতা জৈন ফাউন্ডেশন ট্রাস্ট’-এর ব্যবস্থাপনা ট্রাস্টি হিসেবে শিক্ষা, ক্ষুধা নিরসন এবং জরুরি স্বাস্থ্যসেবায় কাজ করছেন। সুবিধাবঞ্চিত তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে গড়ে তুলেছেন ‘আবিষ্কার’ নামে একটি বিশেষ উদ্যোগ। পাশাপাশি চেন্নাইয়ের কাঞ্চি কামাকোটি চাইল্ডস ট্রাস্ট হাসপাতালের মাধ্যমে শিশুস্বাস্থ্যসেবায়ও তিনি নিয়মিত অবদান রাখছেন।

তিরুপতি মন্দিরের প্রতি বর্ধমান জৈনের এই ভক্তি ও অনুদানের ইতিহাস বেশ পুরোনো। সর্বশেষ এ বিশাল স্বর্ণালঙ্কার দানের আগেও তিনি শ্রী ভেঙ্কটেশ্বর ভক্তি চ্যানেলে সাত কোটি রুপি, টিটিডি গোশালার খাদ্য মিশ্রণ কারখানার জন্য পাঁচ কোটি রুপি এবং মুদ্রা বাছাইয়ের যন্ত্র কেনার জন্য এক কোটি রুপি অনুদান দিয়েছিলেন। এছাড়া মন্দির প্রাঙ্গণে ভক্তদের যাতায়াতের সুবিধার্থে তিনি বৈদ্যুতিক বাসও উপহার দিয়েছেন।

সূত্র : এনডিটিভি