খাবারে পচা মরিচ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি
খাবারে পচা মরিচ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি। নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ব্যবসা পরিচালনার দায়ে প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

Advertisement

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফরিদপুর বাজার এলাকায় এই তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। তদারকিকালে ফরিদপুর বাজার এলাকায় ‘আলিফ ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। প্রতিষ্ঠানটিতে পচা মরিচ ব্যবহার, নোংরা ও অপরিচ্ছন্ন জায়গায় মরিচ শুকানো এবং সব ধরনের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকা সত্ত্বেও অবৈধ প্রক্রিয়ায় ব্যবসা পরিচালনা করার প্রমাণ মেলে।

এই অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো: লিটন মিয়াকে প্রশাসনিক ব্যবস্থায় ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা তাৎক্ষণিক আদায় করা হয়। একইসাথে দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের সব লাইসেন্স নবায়নের জন্য কড়া নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকারী সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, খাদ্যের গুণগত মান নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযানকালে সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রিয়াজ মাহমুদ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।