
টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে হানিফ মাহমুদ নামে পুলিশের এক এসআই আহত হয়েছেন। এ সময় দুইজনকে আটক করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত এসআই মাহমুদ টঙ্গী ঢাকায় কর্মরত রয়েছেন। আটকরা হলেন শাওন ওরফে কাইল্যা শাওন ও তার সহযোগী সাগর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে এসআই মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি টিম খরতৈল এলাকায় ছিনতাইবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় চিহ্নিত ছিনতাইকারী শাওন ও সাগরকে আটক করতে গেলে তারা পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে শাওন তার সাথে থাকা ধারালো অস্ত্র দিয়ে মাহমুদের পায়ে আঘাত করে পালানোর চেষ্টা করেন। আঘাত পাওয়ার পরও এসআই সাহসিকতার সাথে শাওনকে চেপে ধরেন। পরে সঙ্গীয় পুলিশ সদস্যরা এগিয়ে এসে শাওন ও তার সহযোগী সাগরকে আটক করে থানায় নিয়ে যান।
ঘটনার পরই আহত এসআই মাহমুদকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আহত পুলিশ কর্মকর্তার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার পরপরই দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে এলাকায় পুলিশের চিরুনি অভিযান চলছে।‘
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








