
বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমিতে পরিণত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি পাকিস্তানের মতো বাংলাদেশকেও ভারতের ‘পানি আগ্রাসনের’ শিকার বলে অভিহিত করেন।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক ফেডারেল মন্ত্রী আতা উল্লাহ তারারের যৌথ আয়োজনে পার্লামেন্ট ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তানের গণমাধ্যমকর্মীদের পাশাপাশি সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিন্ন নদী ও পানিপ্রবাহ নিয়ে বক্তব্য
মতবিনিময় সভায় হাফিজ উদ্দিন আহমদ জানান, ভারত থেকে বাংলাদেশে ৫০টির বেশি বড় ও ছোট নদী প্রবেশ করেছে। তার অভিযোগ, এসব নদীর স্বাভাবিক ও নির্বিঘ্ন প্রবাহ বাধাগ্রস্ত করতে ভারত ক্রমাগত ব্যারাজ নির্মাণ করছে। কয়েকটি নদীর উৎপত্তি চীনে হলেও ভারত বাংলাদেশের পানিপ্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।
স্পিকার আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বিশেষভাবে বাংলাদেশকে শাস্তি দেয়ার চেষ্টা করছে ভারত। তার অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ভারতের একটি ‘উপনিবেশে’ পরিণত হয়েছিল।
রাজনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গ
শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্পিকার আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী’ ও ‘গুণ্ডাদের’ সংগঠন হিসেবে আখ্যা দেন। তার ভাষ্যমতে, দলটির কার্যক্রম নিষিদ্ধ করা না হলেও জনদাবির পরিপ্রেক্ষিতে সীমিত করা হয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের কথা উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের মানুষ স্বৈরশাসন মেনে নেয় না।
তার দাবি, মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীনতার পর দেশ সামরিক ও বেসামরিক উভয় ধরনের কর্তৃত্ববাদী শাসনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। ১৫ বছরের শাসনামলে একদলীয় শাসন চাপিয়ে দেওয়ার মাধ্যমে শেখ হাসিনার সময়কালকে বেসামরিক স্বৈরশাসনের সবচেয়ে খারাপ উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি।
এদিকে সফররত বাংলাদেশের প্রতিনিধিদলের অন্য সদস্যরা অভিযোগ করেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং দেশকে প্রতিবেশী দেশের উপনিবেশে পরিণত করা হয়েছিল। তবে অতীত ভুলে দুই দেশের মধ্যে নতুন, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









