
বরগুনার আমতলীতে সঙ্কট দেখিয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ডিলাররা ১,৮০০ টাকায় খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছেন। ওই গ্যাস সিলিন্ডার খুচরা বিক্রেতারা ২,০০০ থেকে ২,২০০ টাকায় বিক্রি করছেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের কোনো তদারকি নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের। দ্রুত সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের।
জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। খুচরা পর্যায়ে ১২ কেজির গ্যাস সিলিন্ডারের নির্ধারিত দাম ১,৫৯৮ টাকা। কিন্তু আমতলীতে একটি সিন্ডিকেট চক্র সঙ্কট দেখিয়ে ওই গ্যাস সিলিন্ডার ২,০০০ থেকে ২,২০০ টাকায় বিক্রি করছে। এতে বেশ দুর্ভোগে পড়েছেন ক্রেতারা।
ক্রেতাদের অভিযোগ, উপজেলা প্রশাসন গ্যাস সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় তারা তাদের ইচ্ছামাফিক অতিরিক্ত দামে বিক্রি করছে। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ক্রেতাদের।
ক্রেতা হুমায়ুন কবির বলেন, ‘গত তিন দিন আগে তালুকদার বাজার থেকে ২,১০০ টাকায় ১২ কেজির এক সিলিন্ডার গ্যাসের বোতল ক্রয় করেছি। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বোতলপ্রতি ৫০০ টাকা বেশি দিয়ে ক্রয় করতে হচ্ছে।’
খুচরা বিক্রেতা আমান উল্লাহ বলেন, ‘ডিলার ইব্রাহিম ও বাচ্চু ভ্যানগাড়িতে করে গ্যাসের সিলিন্ডার বিক্রি করছেন। ১,৮০০ টাকা করে ওমেরা, আইগ্যাস, বিএম, সেনা ও পেট্রোম্যাক্স গ্যাসের সিলিন্ডার ক্রয় করছি। ওই গ্যাস ৫০ টাকা বেশি দামে বিক্রি করছি। বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি।’
পেট্রোলম্যাক্স গ্যাস কোম্পানির ডিলার ইব্রাহিম বলেন, ‘১,৮০০ টাকা করে ১২ কেজির সিলিন্ডার বিক্রি করছি।’
ওমেরা গ্যাস কোম্পানির ডিলার মো: আতিকুর রহমান বাচ্চু বলেন, ‘গ্যাসের তীব্র সঙ্কট রয়েছে। মাত্র ছয়টি কোম্পানির গ্যাসের সিলিন্ডার বাজারে সরবরাহ আছে। ওই কোম্পানিগুলো সিলিন্ডারপ্রতি ১৩০ টাকা দাম বাড়িয়ে দিয়েছে।’
বসুন্ধরা গ্যাস কোম্পানির ডিলার মো: মহিউদ্দিন বলেন, ‘গত দুই মাস ধরে কোম্পানি গ্যাস সিলিন্ডার দিচ্ছে না। তাই বিক্রি বন্ধ রয়েছে।’
সেনা কোম্পানির গ্যাস ডিলার মো: রেজাউল বলেন, ‘এলপিজি গ্যাস সিলিন্ডারের বেশ সঙ্কট রয়েছে। ২০০ বোতল গ্যাস সিলিন্ডার মোংলা থেকে আনতে ১৯ হাজার টাকায় ট্রাক ভাড়া করেছি। কোম্পানির মূল্য ও ভাড়া মিলিয়ে গ্যাস বিক্রি করতে হবে।’
আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির সুযোগ নেই। বেশি দামে গ্যাস বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








