জামায়াত
নজরুল ইসলাম। ফাইল ছবি

সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরো পরিকল্পিত ও কার্যকর করার লক্ষ্যে বাংলাদেশ 
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, সমাজকর্মের ক্ষেত্রে যথাযথ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে জনশক্তিকে দক্ষ ও দায়িত্বশীল হয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবক টিমকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরো কার্যকর করতে হবে।

Advertisement

জামায়াতে ইসলামী মহিলা বিভাগ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে সমাজকল্যাণ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির ৩য় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগের ঝুঁকি হ্রাস, সন্তান লালন-পালনের কৌশল, সমাজসেবা কার্যক্রম পরিচালনায় তথ্যপ্রযুক্তির ব্যবহার ও কৌশল এবং প্রশিক্ষিত সমাজকর্মীদের জন্য কেন্দ্রীয় গাইডলাইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। 

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর মহিলা বিভাগের সেক্রেটারি ফরিদা খানম। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের তদারককারী ফাতেমা আক্তার হ্যাপি।

প্রশিক্ষণের প্রথম সেশনে ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগের ঝুঁকি হ্রাস’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মোহাম্মদ শফিউল আলম। এ সময় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন কার্যকর পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

এরপর ‘প্যারেন্টিং-সন্তান লালন-পালনের কৌশল’ বিষয়ে আলোচনা করেন খালেদ বিন কবির ভূঁইয়া। সন্তানদের সঠিকভাবে লালন-পালন, তাদের নৈতিক ও মানসিক বিকাশ এবং পারিবারিক পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখার বিভিন্ন দিক এ সেশনে তুলে ধরা হয়।

দ্বিতীয় সেশনে ‘সমাজসেবা কার্যক্রম পরিচালনায় তথ্যপ্রযুক্তির ব্যবহার ও কৌশল’ বিষয়ে দুই পর্বে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বিষয়টি উপস্থাপন করেন সুলতান আহমদ এবং দ্বিতীয় পর্বে প্রশিক্ষণ প্রদান করেন খালেদ বিন কবির ভূঁইয়া। সমাজসেবামূলক কার্যক্রমকে আরো দ্রুত, সংগঠিত ও কার্যকর করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং বিভিন্ন ব্যবহারিক কৌশল নিয়ে এ সেশনে আলোচনা করা হয়।

তৃতীয় সেশনে ‘প্রশিক্ষিত সমাজকর্মীদের জন্য কেন্দ্রীয় গাইডলাইন’ বিষয়ে আলোচনা করেন তৌহিদ আজাদ। এ সেশনে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা, কার্যপদ্ধতি, পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের মানবসম্পদ উন্নয়ন বিভাগ সম্পাদক মোরশেদুল ইসলাম চৌধুরী।