নিম্নমানের উপকরণ দিয়ে কার্পেটিং এলাকাবাসীর প্রতিবাদ

 ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় রামভদ্রপুর বাজারগামী পাকা রাস্তার রক্ষণাবেক্ষণ কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। পিচ ও প্রাইম কোট সঠিকভাবে না দিয়ে ধুলোবালির ওপর দায়সারাভাবে কার্পেটিং করায় তা হাতের স্পর্শেই পাপোশের মতো উঠে যাচ্ছে। রাস্তার এমন বাজে অবস্থা দেখে ক্ষুব্ধ এলাকাবাসী নতুন করা কার্পেটিং হাত দিয়ে তুলে ফেলে কাজ বন্ধ করে দিয়েছেন এবং তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
এলজিইডি সূত্রে জানা যায়, জিওবিএম প্রকল্পের আওতায় উপজেলার ভাইটকান্দি ইউপি-গোয়াডাঙ্গা বাজার সড়ক ভায়া চায়না বাজার, রামভদ্রপুর ও কাঁঠালতলী বাজার সড়কের উন্নয়নকাজ করছে মেসার্স খন্দকার ট্রেডার্স নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে, ঠিকাদারের প্রতিনিধিরা পরিচ্ছন্নতা বজায় না রেখে নামমাত্র বিটুমিন স্প্রে করে নিম্নমানের সামগ্রী দিয়ে তড়িঘড়ি করে কাজ শেষ করার চেষ্টা করছিলেন। সরেজমিন স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, নিম্নমানের উপকরণ ব্যবহারে বাধা দেয়া হলেও ঠিকাদারের লোকজন তোয়াক্কা করেননি। অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও ঠিকাদারের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সত্যতা স্বীকার করে ফুলপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহাঙ্গীর হোসাইন বলেন, অভিযোগ পেয়ে আমরা সরেজমিন তদন্ত করেছি এবং ঘটনার সত্যতা পেয়েছি।